Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজার দুটি হাসপাতালে গণকবরের সন্ধান

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০৮:৩৮ পিএম

গাজার দুটি হাসপাতালে গণকবরের সন্ধান

যুদ্ধবিধ্বস্ত গাজার দুটি প্রধান হাসপাতালে গণকবরের সন্ধান পাওয়া গেছে। ওই হাসপাতাল দুটিতে ইসরায়েলি সৈন্যরা অভিযান চালিয়েছিল। এদিকে এ ঘটনায় 'স্পষ্ট, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের' আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গত মঙ্গলবার এ আহ্বান জানায় জাতিসংঘ।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেন, গাজায় প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য আরও সাংবাদিকদের নিরাপদে কাজ করার পরিবেশ তৈরি করতে হবে। বিশ্বস্ত তদন্তকারীদের অবশ্যই স্থানগুলোতে প্রবেশাধিকার থাকতে হবে। 

এর আগে মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেন, গাজা শহর শিফা মেডিকেল সেন্টার ও দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতাল ধ্বংস এবং ইসরায়েলিরা চলে যাওয়ার পর ওই স্থাপনার আশপাশে গণকবরের সন্ধান পাওয়া গেছে। এ খবরে তিনি 'আতঙ্কিত'। তিনি এই হত্যাকাণ্ডের স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানানা। তিনি বলেন, ‘দায়মুক্তির বিদ্যমান পরিবেশের পরিপ্রেক্ষিতে এতে আন্তর্জাতিক তদন্তকারীদের অন্তর্ভুক্ত করা উচিৎ।’

তুর্ক বলেন, ‘আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে হাসপাতালগুলো বিশেষ সুরক্ষার অধিকারী। আর যুদ্ধে অংশ নিতে অক্ষম এমন বেসামরিক নাগরিক, বন্দি ও অন্যদের ইচ্ছাকৃতভাবে হত্যা করা যুদ্ধাপরাধ।’ মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল এ খবরকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা ইসরায়েলি সরকারের কাছে তথ্য চেয়েছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন