ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করলেন ইসরায়েলি গোয়েন্দাপ্রধান
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ পিএম
যুদ্ধের মধ্যেই ইসরায়েলি সামরিক গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগ করেছেন। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের হামলার দায়দায়িত্ব তিনি স্বীকার করেছেন। এই ব্যর্থতার দায় নিয়েই তিনি সরে যাওয়ার ঘোষণা দেন। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সুরক্ষিত সীমান্ত ভেদ করে দেশটিতে ঢুকে পরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সেদিন হামাসের আক্রমণে নিহত হয় অন্তত ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি। হামাসের ওই হামলার বিষয়টি আগে থেকে জানতে না পারার ব্যর্থতার দায় নিয়ে হালিভা পদত্যাগ করেন।
আইডিএফ বিবৃতিতে বলেছে, ‘মেজর জেনারেল আহারন হালিভা সশস্ত্রবাহিনীর জেনারেল চিফ অব স্টাফের সঙ্গে সমন্বয় করে ৭ অক্টোবরের ঘটনায় জন্য ইন্টেলিজেন্স ডাইরেক্টরেটের প্রধান হিসাবে তাঁর দায়িত্বের মেয়াদ শেষ করার অনুরোধ করেছেন। পরে সিদ্ধান্ত নেওয়া হয়, মেজর জেনারেল আহারন হালিভা সুশৃঙ্খল ও পেশাদার প্রক্রিয়ায় তাঁর উত্তরসূরি খুঁজে পাওয়া মাত্র তাঁর দায়িত্ব শেষ করবেন। একই সঙ্গে তিনি আইডিএফ থেকেও পদত্যাগ করবেন।’
এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে রাতভর ইসরায়েলি বিমান হামলায় ১৮ শিশুসহ ২৪ জন নিহত হয়েছে। রবিবার (২১ এপ্রিল) স্বাস্থ্য কর্মকর্তারা হামলায় হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন। রাফাহতে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। যেখানে গাজার ২৩ লাখ জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ যুদ্ধ থেকে বাঁচতে আশ্রয় নিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করে। সেদিন থেকেই গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল। গাজায় ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত ৩৪ হাজারেরও অধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজার দুটি বৃহত্তম শহরে ধ্বংসযজ্ঞ চালিয়ে পুরো অঞ্চলটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহতদের অন্তত তিন ভাগের দুই ভাগই শিশু ও নারী।
