সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট, দেখা দিয়েছে বন্যা। প্রচণ্ড পানির তোড়ে গাড়ি ভেসে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মধ্যপ্রাচ্যভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য জানিয়েছে।
সৌদির আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, শনিবার রাত থেকে বজ্রসহ ভারী বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানী রিয়াদ, দিরিয়াহ, হুরায়মালা, ধুর্মা থেকে কুয়াইয়াহ পর্যন্ত। চলমান এ পরিস্থিতি আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে। এই সময় মক্কা এবং এর আশপাশের অঞ্চল তাঈফ, মায়সান, আদহাম, রানিয়াহ এবং আল মুয়াহতে আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকতে পারে। এছাড়া উচ্চগতিসম্পন্ন বাতাসের কারণে কোথাও কোথাও ধূলিঝড় হতে পারে। এতে আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি ঘটবে।
দেশটির বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া দপ্তর তাদের নির্দেশনায় বৃষ্টির সময় উপত্যকা ও জলাবদ্ধ এলাকা থেকে সবাইকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে।
গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত হয়। এতে দুবাইসহ আমিরাতের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয়। বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যাটি এতটাই ভয়াবহ ছিল যে, এই বন্যায় অনেকে গাড়িতে আটকে পড়েন। আমিরাতে গাড়িতে আটকে পড়ে কয়েকজনের মৃত্যুও হয়েছে।
এবার তেমন বন্যার শংকা দেখা দিয়েছে সৌদি আরবে। বাংলাদেশসহ ভারতের বেশ কিছু অংশে চলছে তীব্র তাপ প্রবাহ। এতে এই অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। ওদিকে, উল্টো চিত্র দেখা যাচ্ছে পাকিস্তান, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সেসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতে দেখা দিচ্ছে বন্যা।
সূত্র: গালফ নিউজ
