অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে ভারতের শাসক দল বিজেপি। দেশটির লোকসভা নির্বাচনের আগে এই রাম মন্দির ইস্যুটিকে মনে করা হচ্ছিল মোদির তুরুপের তাস। কট্টর হিন্দুত্ববাদী এই দলটি এর মাধ্যমে ভোটের মাঠে অতিরিক্ত মাইলেজ পাবে বলে বলছিলেন বিশেষজ্ঞরা। যদিও প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে সেই বোদ্ধারাই এখন বলছেন, মোদির ‘রাম মন্দির’ ভোটের মাঠে কোনো কাজে আসছে না। উল্টো অনেক জায়গায় পড়ছে নেতিবাচক প্রভাব।
বিশ্বের সর্ব বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে ১৯ এপ্রিল। ২৬ এপ্রিল, ৭, ১৩, ২০ ও ২৫ মে এবং ১ জুনে ভোট হবে পরের ধাপগুলোর। ভারতের জনসংখ্যা ১৪০ কোটির বেশি। এর মধ্যে ৯৬ কোটি ৯০ লাখ ভোটার এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন। এটি বিশ্বের জনসংখ্যার হিসাবে ৮ জনে ১ জন। ভোটের ফল ঘোষণা হবে ৪ জুন। কোনো জোট ২৭২টি আসন পেলেই গঠন করতে পারবে সরকার।
ভারতে বর্তমান শাসক গোষ্ঠী বিজেপি ও ঐতিহ্যবাহী দল কংগ্রেস প্রধান দুটি জাতীয় রাজনৈতিক দল। তবে ভোটে মাঠে তারা জোটগত ভাবে লড়ছে। জাতীয় ও রাজ্যভিত্তিক ছোট ছোট দলগুলোর সমন্বয়ে মোট ৫৪৩টি আসনেই জোটের অধীনেই প্রার্থী দিয়েছে তারা।
ভারতের নির্বাচন বিশ্লেষকরা বলছেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কাশ্মিরের পুলওয়ামা হত্যাকাণ্ডকে পুঁজি করে বড় ধরনের স্কোর গড়ে মোদি জোট। এর আগের বছর কংগ্রেসের দুর্নীতিকে সামনে এনে তাকেই তুরুপের তাস বানায় বিজেপি। আর এ বছর অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ করে ভারত বর্ষের হিন্দুদের জাতীয়তাবাদী চেতনায় বাঁধতে চাইছেন নরেন্দ্র মোদি। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, মোদির সে তুরুপের তাস ঠিকঠাক খেলছে না। ক্ষমতায় ফিরে আসার বিষয়টি অনেকটা নিশ্চিত হলেও সেটি বিগত দুই নির্বাচনের মতো অতোটা সহজ হবে না বলে মনে করছেন অনেক বিশ্লেষক।
ভারতের নির্বাচন পর্যবেক্ষণ করছেন এমন অনেকেই বলছেন, বিজেপি উত্তর ভারতে গত নির্বাচনেই সর্বোচ্চটা পেয়েছে। তাই সেখানে আসন বেশি পাওয়ার নেই। তবে বিগত নির্বাচনগুলোয় দক্ষিণ ভারতের রাজ্যগুলোয় যে হারে আসন পেয়েছে এবারের নির্বাচনে তা আরো কমতে পারে। পশ্চিমবঙ্গসহ পূর্বের রাজ্যগুলোতেও আসন বাড়ছে না। আর কাশ্মীরসহ পশ্চিম ভারতে অতীতের মতো এবার ভালো করার সুযোগ নেই বিজেপি জোটের। ফলে গত বারের চেয়ে নিশ্চিত আসন কমবে বিজেপি জোটের।
২০১৯ সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একাই ৩০৩ টি আসন পেয়েছিল। আর বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্র্যাটি অ্যালায়েন্স পেয়েছিল ৩৫২ টি আসন। তবে প্রথম দফা ভোট গ্রহণ শেষে বিশেষজ্ঞরা এটি প্রায় নিশ্চিত করেই বলছেন যে, এবার বিজেপির একক কিংবা জোটগতভাবেও আসব কম পাবে।
এ বিষয়ে দিল্লিতে কর্মরত একটি পশ্চিমা গণমাধ্যমের সাংবাদিক সামন্তক ঘোষ আবীর বাংলা আউটলুককে বলছেন, রামমন্দির ইস্যুতে বিজেপি এবার বড় ধরনের চমক দেখাবে কিছুদিন আগেও মানুষের মধ্যে এমন একটি ধারণা ছিল। কিন্তু সময় যত গড়াচ্ছে দৃশ্যপট ততো পরিবর্তন হচ্ছে। বিজেপি এবার ক্ষমতার মসনদে বসবে এটি অনেকটা নিশ্চিত হলেও সেটি তার একক কৃতিত্বে নয় বরং জোট সঙ্গীদের ওপর ভর করেই যেতে হবে বলে মনে করেন তিনি।
এবারের নির্বাচনে অন্যতম চ্যালেঞ্জ বৃহত্তম বিরোধীদল কংগ্রেস নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) জোটে এরই মধ্যে ২৪টির বেশি রাজনৈতিক দল যোগ দিয়েছে। তারাও আগের চেয়ে ভালো করবে বলে মনে করেন এই সাংবাদিক। তবে বিজেপি কিংবা কংগ্রেস কোনো দলই তার শরীকদের ছাড়া ভালো করতে পারবে না।
জানা গেছে, কংগ্রেস নেতৃত্বাধীন এই জোটের শীর্ষ নেতাদের মধ্যে আছেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে এবং দুই ভাই বোন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী, যাদের বাবা রাজীব গান্ধী ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী। এছাড়া কারাবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিও (আপ) এ জোটের রয়েছে। সঙ্গে আছে আরও কিছু শক্তিশালী আঞ্চলিক রাজনৈতিক দল।
ভারতের লোক সভায় ১৩১ টি আসন আদিবাসী গোষ্ঠীগুলোর জন্য সংরক্ষিত। এই গোষ্ঠীগুলোকে সরকার পিছিয়ে পড়া গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে। ভারতের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশই তারা। ভোটদানের জন্য লাখ লাখ ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়। ভোটাররা এই যন্ত্র ব্যবহার করে প্রার্থীদের মধ্যে একজনকে বেছে নিতে পারবেন কিংবা উল্লিখিত প্রার্থীদের ‘কেউ না’ বিকল্পটি বেছে নিতে পারবেন।
একাধিক দফায় ভোট গ্রহণের মূল কারণ হচ্ছে, নির্বাচনকে সামনে রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হয়। নির্বাচনী সহিংসতা প্রতিরোধ থেকে শুরু করে ভোট জালিয়াতি ঠেকাতে মাঠপর্যায়ে তারা তৎপর থাকে।আর ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তাকর্মীদের পর্যাপ্ত উপস্থিতি নিশ্চিত করতেই ভোটগ্রহণ ধাপে ধাপে করা হয়।
