Logo
Logo
×

আন্তর্জাতিক

মালদ্বীপে পার্লামেন্ট ভোটেও চীনপন্থীদের নিরঙ্কুশ জয়

Icon

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০৫:২৩ এএম

মালদ্বীপে পার্লামেন্ট ভোটেও চীনপন্থীদের নিরঙ্কুশ জয়

মোহাম্মদ মুইজ্জু

মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দল নিরঙ্কুশ জয় লাভ করেছে। রোববার অনুষ্ঠিত ভোটে তার দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৬৬ আসনে জয়লাভ করেছে। পার্লামেন্টের মোট ৯৩টি আসনের মধ্যে ৮৬টির ফল ঘোষণা করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

মালদ্বীপের পার্লামেন্ট পিপলস মজলিশের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ণয়ে রোববার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়।  নিবন্ধিত ভোটার সংখ্যা দুই লাখ ৮৪ হাজার ৬৬৩। প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে ভোট গ্রহণ চলে।

গত বছরের সেপ্টেম্বরে চীনপন্থী সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের প্রতিনিধি হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুইজ্জু। দুর্নীতির অভিযোগে ইয়ামিনের ১১ বছরের কারাদণ্ড হয়েছিল। তবে গত সপ্তাহে আদালত এ সাজা বাতিল করলে তিনি মুক্তি পান।

চলতি মাসে যখন পার্লামেন্ট নির্বাচনের জন্য পুরোদমে প্রচারণা চলছিল, তখন দেশটিতে অবকাঠামো নির্মাণে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির সঙ্গে বড় ধরনের চুক্তি করেছেন মুইজ্জু। তার প্রশাসন মালদ্বীপে থাকা ৮৯ জন ভারতীয় সেনাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার মধ্যে আছে। দেশটির বিশাল সমুদ্রসীমায় টহল দিতে ভারতের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া উড়োজাহাজ পরিচালনা করেন এসব সেনা।

মালদ্বীপের বর্তমান পার্লামেন্টে মুইজ্জুর পূর্বসূরি ইব্রাহিম মোহামেদ সলিহর ভারতপন্থী দল এমডিপির (মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি) আধিপত্য আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মুইজ্জুর এক জ্যেষ্ঠ সহকারী বার্তা সংস্থা এএফপিকে বলেন, রোববারের নির্বাচনে দলগুলোর প্রচার-প্রচারণার পেছনে ভূরাজনীতির একটি বড় ধরনের প্রভাব আছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন