২০১৪ সালের পর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায়। তার জনপ্রিয়তার সঙ্গে তারই নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিকভাবে শক্তি বৃদ্ধি পেয়েছে।
মোদির জনপ্রিয়তা এবং দলের শক্তিশালী অবস্থান—এই দুই প্রধান ফ্যাক্টরই দলটিকে দেশটির চলমান সাধারণ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ১৯ এপ্রিল থেকে দেশটির সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে ১ জুন পর্যন্ত। আর আগামী ৪ জুন ভোট গণনা করা হবে।
যদিও মোদীর জনতুষ্টিবাদী নেতৃত্ব এবং কাল্টে পরিণত করা ব্যক্তিত্বের ওপর নানা সময় কালিমা পড়েছে। তবে গত এক দশকে তিনি এবং তার ঘনিষ্ট মিত্র অমিত শাহ যে দলীয় ইমেজ বা সংগঠন গড়ে তুলেছেন তাতে সেইরকম কোনো কালি পড়েনি। যদিও ব্যক্তি মোদির ওই জনপ্রিয়তা দলের সাফল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।
বিজেপি কিভাবে সাফল্য পায়, এর নেপথ্যে কি কাজ, মোদির ভূমিকা কতটুকু, মোদি না থাকলে বিজেপির অবস্থান কি হবে—এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন গবেষক সোফিয়া আম্মাসারি। তিনি গ্রিফিথ ইউনিভার্সিটির সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড পাবলিক পলিসির রিসার্চ ফেলো। গবেষণায় তিনি লোকরঞ্জনবাদ, দলীয় সংগঠন এবং রাজনীতিতে নারী ও যুবসমাজের অংশগ্রহণের ওপর নজর দিয়েছেন। ডানপন্থি লোকরঞ্জনবাদী দলের সদস্যসের নিয়ে গবেষণার অংশ হিসেবে তিনি বিজেপির কয়েক ডজন সদস্য এবং নেতাদের সাক্ষাৎকার নিয়েছেন। (তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন, তাই প্রতিবেদনে তাদের নামের প্রথম অক্ষর দেওয়া হয়েছে)। বাংলা আউটলুক পাঠকদের জন্য সেই গবেষণার সারবস্তু দ্য কনভারসেশন ডটকম থেকে ভাষান্তর করে তুলে দেওয়া হলো।
গবেষায় তিনি চারটি প্রধান উপাদান পেয়েছেন যার মাধ্যমে বিজেপির তৃণমূল কর্মীরা ব্যালট বাক্সে নিজেদের প্রভাব তৈরিতে ভূমিকা রাখেন। সেগুলো হলো প্রচারণা; হিন্দু জাতীয়তাবাদী আদর্শের প্রসার; কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং দলের টিকে থাকা।
কার্যকর প্রচার যন্ত্র
বিজেপি ভারতের সদস্যভিত্তিক সর্ববৃহৎ সংগঠন। আর এই সদস্যরাই বিজেপির প্রচার যন্ত্র হিসেবে কাজ করে। যা ভারতে দ্বিতীয় আর নেই। দলও তাই সদস্য বৃদ্ধিতে কাজ করে। যেমন ২০১৪ সাল থেকে দলের প্রাক্তন সভাপতি এবং বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বিশ্বের বৃহত্তম দল হিসেবে বিজেপিকে গড়তে কাজ করছেন। তিনি দলটির সদস্য সংগ্রহে নিয়মিত গণ-নিয়োগ কর্মসূচিও পরিচালনা করেছেন। তাদের দাবি, দলটির প্রায় ১৮০ মিলিয়ন সদস্য রয়েছে।
তৃণমূলের নজর ভোটকেন্দ্রের দিকে। নির্বাচনী প্রচারের সময় তৃণমূলের সদস্যদের একটি করে বুথ বরাদ্দ দেওয়া হয়। সদস্যরা যতটা সম্ভব ভোটারদের তথ্য সংগ্রহ করে এবং বিজেপিকে ভোট দিতে প্ররোচিতের চেষ্টা করে।
বিজেপির নারী শাখার একজন সক্রিয় কর্মী হলেন এস (নামের প্রথম অক্ষর)। মারাঠি এই সাবান ব্যবসায়ী প্রচারের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, প্রতিটি বুথে দশজন নারী থাকেন এবং প্রত্যেককে ১৫টি করে ঘরের দায়িত্ব দেওয়া হয়। এই ঘরগুলোর আশপাশে তারা নির্বাচনের আগে প্রায় তিন দিন ঘুরে বেড়ায়। ঘরগুলোতে কে কে আছেন, কেউ মারা গেছেন কিনা এসব দেখা হয়। সবকিছু নিয়েই তারা তথ্য জড়ো করেন। যেহেতু তারা একে অপরকে ইতোমধ্যেই চেনেন তাই নির্বাচনের দিন ওইসব ভোটাররা ভোট দিতে যাচ্ছেন কিনা এবং ভোট দিয়েছেন কিনা দেখেন।
ভারতের রাজনীতিতে কয়েক দশক ধরে আধিপত্য বিস্তার করছে কংগ্রেস। দলটিসহ অন্য কোনো রাজনৈতিক দলের এমন সদস্য ভিত্তিক তৎপরতা নেই এবং তৃণমূলের ওপর এমন নির্ভর করতে পারে না। ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে প্রচারণা চালিয়ে বিজেপি উল্লেখযোগ্য সুবিধা পাচ্ছে।
হিন্দু জাতীয়তাবাদে প্রশিক্ষণ
ধর্মীয় মেরুকরণের উপর ভিত্তি করে ডানপন্থি লোকরঞ্জনবাদের সঙ্গে উগ্র হিন্দু জাতীয়তাবাদকে একত্রিত করা—বিজেপির রাজনৈতিক আদর্শ। দলের সদস্যদেরও এই আদর্শের আলোকে সামাজিকীকরণ ও প্রশিক্ষণ দেওয়া হয়। সদস্যরাও ডানপন্থি লোকরঞ্জনবাদী মনোভাব ধরে রাখে। পুরো প্রক্রিয়াটিই বিস্তৃত প্রশিক্ষণ নেটওয়ার্কের মাধ্যমে করা হয়।
গুজরাটের সুরাট শহরের বিজেপি সদস্য জে.. জাতীয়বাদী প্রশিক্ষণের ব্যাপারে বলেন, বছরে একবার বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা আসেন এবং দুই থেকে তিন দিন আমাদের প্রশিক্ষণ দেন। বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ আছে। বিজেপির ইতিহাস, বিজেপির আদর্শ, বিজেপির কর্মক্ষমতা।
একই শহরের একটি স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এস এই ব্যাপারে বলেন, কীভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয় এবং মানুষের হৃদয়ে জায়গা পেতে হয় সদস্যদের তা শেখানো হয়।
গরীবের জন্য কল্যাণমূলক কর্মসূচি
হিন্দু জাতীয়তাবাদের পাশাপাশি, মোদির জনপ্রিয়তার পেছনে বড় কারণ হলো লাখ লাখ নিম্ন আয়ের মানুষকে সাহায্য সহযোগিতা করা। কল্যাণমূলক যেকোনো কর্মসূচির নামের আগে তিনি ‘প্রধানমন্ত্রী’ শব্দটি লাগানো এবং লিফলেটে তার ছবি ছাপানোর বিষয়টি নিশ্চিত করেন।
যদিও এসব কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে দলটির সদস্যরাই বড় ভূমিকা রাখেন। মূলত সদস্যদের প্রধান কর্মকাণ্ড হলো রাস্তা পরিষ্কার করা, খাবার বিতরণ করা বা দরিদ্রদের জন্য ব্যাংক হিসাব খোলা।
গুজরাটের ভাদোদরা বিজেপি সদস্য পি… বলেন, যখনই অভাবী মানুষের জন্য কোনো সরকারি প্রকল্প আসে, আমরা তাদের কাছে যাই এবং তাদের সচেতন করি। আমরা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হওয়ার চেষ্টা করি।
দলের টিকে থাকা অগ্রাধিকার
সবশেষে বিস্তৃত তৃণমূলই প্রার্থী এবং নেতাদের ভোটারদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দেয় যা বিজেপিকে অন্য রাজনৈতিক দল থেকে এগিয়ে রাখে।
সদস্যরা এও নিশ্চিত করেছেন যে, অন্যান্য দলের তুলনায় দলের পোস্ট পদবী দেওয়ার ক্ষেত্রে বিজেপি মেধাকে মূল্যায়ন করে। এই ব্যাপারে মারাঠি গাড়ির দোকানের মালিক এন… বলেছেন, বিজেপিতে একক কোনো পরিবারের আধিপত্য নেই। সব কর্মী সমান বিবেচিত হয় এবং সাধারণ কর্মীরাও উচ্চ পদে আসীন হতে পারে।
প্রসঙ্গত, ভারতের রাজনৈতিক দলগুলিতে পরিবারতন্ত্রের প্রভাবের উপর সোফিয়ার গবেষণায় দেখা গেছে, ২০১৯ সালের নির্বাচনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে বিজেপি মাত্র ১৭ শতাংশ প্রার্থী রাজনৈতিক পরিবার থেকে দিয়েছে (কংগ্রেসের তা ছিল ২৭ শতাংশ)। যদিও বিজেপির কিছু সদস্য তাদের বাদ দিয়ে অন্য দল থেকে প্রার্থী ভাগিয়ে আনার ব্যাপারে অভিযোগ করেছেন।
সদস্য সংখ্যায় সর্ববৃৎ দল হওয়াই দীর্ঘমেয়াদে বিজেপির জন্য টিকে থাকা সহজতর করে। পি…. বলেন, আমাদের সার্বক্ষণিক কর্মী আছে বলেই আজ বিজেপি শাসন করছে। এটা দলের সবচেয়ে বড় শক্তি। আমরা একজন মোদি দেখেছি, কিন্তু আমাদের হাজার হাজার মোদি আছে।
এটা নিশ্চিত যে, মোদির মতো ক্যারিশম্যাটিক এবং জনপ্রিয় নেতা খুঁজে পাওয়া বিজেপির পক্ষে কঠিন। তবে এটাও ঠিক যে দলটির প্রাণভোমরা হলো এর তৃণমূল। যতদিন বিজেপির এই শক্তিশালী তৃণমূল আছে এবং বিরোধীরা একই ধরনের কাঠামো তৈরি করতে না পারে, ততদিন দলটিকে নির্বাচনে হারানো কঠিন।
লেখক : রিসার্চ ফেলো, গ্রিফিথ ইউনিভার্সিটি
(দ্য কনভারজেশন থেকে অনুদিত)
