লোকসভা নির্বাচন : নাগাল্যান্ডের ছয় জেলায় কেন কোনো ভোট পড়েনি?
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ১২:৪৫ এএম
ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপে গত শুক্রবার নাগাল্যান্ডের ছয়টি জেলায় কোনো ভোট পড়েনি। ছয় জেলায় ৪ লাখ ৬৩২ ভোটারের মধ্যে কেউ ভোট দেননি। ভারতের নির্বাচনী ইতিহাসে এমন এক ঘটনা অতীতে কখনো শোনা যায়নি। এ পরিস্থিতির জন্য নির্বাচনি কর্মকর্তারা ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অরগানাইজেশনকে (ইএনপিও) দায়ী করছে। তবে সংগঠনটি বলছে, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিতে চায়নি। ইএনপিও দীর্ঘ এক দশক ধরে অনুন্নত পূর্বাঞ্চলীয় জেলাগুলোর জন্য আলাদা প্রশাসন ও স্বায়ত্তশাসনের চেষ্টা চালাচ্ছে।
পূর্ব নাগাল্যান্ডের কিপিরে, লংলেং, মোন, নকলাক, শামাটোর ও টুয়েনসাঙ এই ৬ জেলায় গত শুক্রবার লোকসভা নির্বাচনে ভোটের হার ০ শতাংশ। নাগাল্যান্ডের মোট ভোটার ১৩ লাখ ২৫ হাজার। আর এই ছয় জেলায় ভোটার ৪ লাখ ৬৩২; অর্থাৎ ৩০ শতাংশ ভোটার এই ছয় জেলার বাসিন্দা।
এর আগে ভোট বর্জনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ছয় জেলায় ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা এবং স্থানীয়দের নির্বাচন বয়কটের আহ্বানের জানিয়ে ধর্মঘটের ডাক দিয়েছিল ইএনপিও। তাদের ডাকা কর্মসূচিকে সমর্থন জানিয়েছিল ছয় জেলার একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। কর্মসূচি সফলভাবে গত শুক্রবার ভোটের দিন পালন হয়েছে। আজ শনিবার সকালে তা তুলে নেওয়া হয়েছে।
এদিকে রাজ্যের প্রধান নির্বাচন কর্মকর্তা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার জন্য এনপিওর বিরুদ্ধে নোটিশ জারি করেছেন। নোটিশে বলা হয়েছে, ইএনপিও পূর্ব নাগাল্যান্ড অঞ্চলে বসবাসকারীদের ভোটারদের অবাধ নির্বাচনে অংশগ্রহণের হস্তক্ষেপ করেছে। তারা অযাচিত প্রভাব খাটানোর চেষ্টা করেছে। কারণ দেখানোর নোটিশে কেন ভারতীয় দণ্ডবিধির ধারা ১৭১ সি–এর উপধারার অধীনে পদক্ষেপ নেওয়া হবে না, তার জবাব চাওয়া হয়েছে।
তবে ইএনপিও বলছে, জনগণের প্রতি ভোট বয়কটের আহ্বানের মূল্য লক্ষ্য তাদের এখতিয়ারের অধীনে পূর্ব নাগাল্যান্ড অঞ্চলে বিশৃঙ্খলার আশঙ্কা এবং নিরাপত্তা ঝুঁকি হ্রাস করা। সংগঠনটি ‘পূর্ব নাগাল্যান্ড অঞ্চলটি বর্তমানে জাতীয় জরুরি অবস্থার অধীনে’ এই বিষয়টিও উল্লেখ করেছে। তারা বলেছে, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই এই ঘোষণা দেওয়া হয়েছে। এনপিওর দাবি, ভোট বয়কট জনগণের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত। সুতরাং এ ক্ষেত্রে ১৭১ সি–এর অধীনে পদক্ষেপ প্রযোজ্য হবে না। যদি কোনো ভুল বোঝাবুঝি বা এর ভুল ব্যাখ্যা হয়ে থাকে তাহলে তারা এ বিষয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে ইচ্ছুক।
গত ৩০ মার্চ ইএনপিওর ২০ জন বিধায়ক অন্যান্য সংগঠনের সঙ্গে একটি দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক করে। বৈঠকে লোকসভা নির্বাচন থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার সিদ্ধান্ত হয়। তবে ইস্টার্ন নাগাল্যান্ড লেজিসলেটরস ইউনিয়ন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছিল। বৈঠকের পর দিন ইএনপিও ভারতের নির্বাচন কমিশনকে তাদের ভোটে অংশ না নেওয়ার পদক্ষেপের কথা জানায়।
গত ৪ মার্চ পূর্ব নাগাল্যান্ডে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়। এ সময়ে ইএনপিও এই অঞ্চলের সাতটি নাগা উপজাতির শীর্ষ সংগঠন। তারা স্থানীয় সংগঠনগুলো ভোটের প্রচারে নামার অনুমতি দেয়নি। ইএনপিও গত বছরের বিধানসভা নির্বাচনের আগেও ভোট বয়কটের আহ্বান জানিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আশ্বাসের পরে তা প্রত্যাহার করা হয়।
নাগাল্যান্ডে একটি লোকসভা আসন রয়েছে। ২০১৮ সালের উপনির্বাচনে জিতেছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (এনডিপিপি) তোখেহো ইয়েপথোমি। এনডিপিপি বিজেপির মিত্র।
