Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান ও ইসরায়েল : মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের আশঙ্কা কতটুকু

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০৯:১১ পিএম

ইরান ও ইসরায়েল : মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের আশঙ্কা কতটুকু

গত শনিবার ইসরায়েলে ইরানের হামলার পর থেকে গোটা বিশ্ব রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে ইসরায়েলের প্রতিক্রিয়া দেখার জন্য। আঞ্চলিক সংঘাতের ভয় আগের চেয়ে অনেক বেশি মনে করছেন তারা।

গত অক্টোবরে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উত্তেজনা ক্রমাগ্রত বাড়ছে।  যুদ্ধ বেধে গেলে সেখানে ইরান ও তার মিত্রদের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের পশ্চিমা মিত্ররা সেই যুদ্ধ টেনে আনবে তা নিশ্চিত।

ছয় মাস ধরে ইসরায়েল ও ইরান-সমর্থিত লেবানিজ গ্রুপ হিজবুল্লাহর মধ্যে হামলা-পাল্টা-হামলা বিস্তৃত হয়েছে। এ হামলা একটি নিয়মিত প্যাটার্ন অনুসরণ করছে, যা ক্রমবর্ধমানভাবে মইয়ের একেকটি ধাপ ধরে ধীরে ধীরে চূড়ান্ত যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে।

ইসরায়েল ও হিজবুল্লাহ উভয়পক্ষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিনিয়ত আরও প্রবল করছিল। কিন্তু হিজবুল্লাহর বেশ কয়েকজন সিনিয়র কমান্ডার নিহত হলে তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা থেকে বিরত হয়।

এমন পরিস্থিতিতে যুদ্ধ থেমে যেতে পারত। এরই মধ্যে ইরান দেখল দামেস্কে ইরানের দূতাবাস কমপ্লেক্সে ইসরায়েলি হামলা। একটি কূটনৈতিক মিশনে নজিরবিহীন সামরিক হামলা চালিয়ে একজন জেনারেলসহ সাতজনকে হত্যা করা হলো। ফলে ইরান হামলা চালাল। যদিও ইরানের কর্মকর্তারাও ৭২ ঘণ্টা আগে সতর্ক করেছিল। হামলার পরও তারা হুঁশিয়ার করে দিয়েছে, ইসরায়েলে প্রতিশোধমূলক পদক্ষেপ নিলে ইরান তাৎক্ষণিকভাবে শক্ত জবাব দেব।

কিন্তু ইসরায়েল সপ্তাহ না পেরোতেই, শুক্রবার (১৯ এপ্রিল) ইরানের ইসফাহানে হামলা চালিয়েছে। আর তার আগেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইরানের উপর আরো কিছু অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরায়েল হয়ত মুখরক্ষার জন্য ইসফাহানে এই হামলা চালিয়েছে। ইরান হয়ত দমে থাকবে। কিন্তু একদিকে ইসলামি ইরানের কট্টর নীতি ও আরেকদিকে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি দীর্ঘদিন ধরে ইরানকে ধ্বংস করতে বদ্ধপরিকর—এই দুই শক্তি কোথায় থামবে তা নিশ্চিত হওয়ার কোনো উপায় এখন পর্যন্ত দেখা যাচ্ছে না।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন