Logo
Logo
×

আন্তর্জাতিক

তিমির সঙ্গে কথা বললো মানুষ!

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৪০ পিএম

তিমির সঙ্গে কথা বললো মানুষ!

প্রশান্ত মহাসাগরে সাঁতরে বেড়ানো এক তিমির সঙ্গে কথোপকথনের দাবি করেছেন একদল বিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং এসইটিআই ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী  বলেছেন, গত বছরের ডিসেম্বরে তাঁরা আলাস্কার উপকূলে ৩৮ বছর বয়সী একটি হাম্পব্যাক তিমির সঙ্গে কথা বলতে পেরেছেন।

বিজ্ঞানীরা জানান, তাঁরা প্রশান্ত মহাসাগরের আলাস্কা উপকূলে এক দল তিমিকে সাঁতার কাটতে দেখতে পান। তখন সেখানকার পানির নিচে বিশেষ প্রযুক্তিতে একটি মাইক্রোফোন পাঠানো হয়। তিমিরা যে ধরনের আওয়াজ করে, মাইক্রোফোনটি থেকে তেমন আওয়াজ করা হয়। শব্দ শুনে একটি তিমি দল ছেড়ে গবেষক দলটির নৌকার কাছে চলে আসে।

বিজ্ঞানীরা তিমিটির নাম দেন টোয়েন। মাইক্রোফোনের শব্দের প্রতিক্রিয়ায় ২০ মিনিটে ৩৬ বার সাড়া দেয় টোয়েন। বিজ্ঞানীরা এতে ধারণা করেন, টোয়েন তাঁদের যোগাযোগে সক্রিয়ভাবেই সাড়া দিচ্ছে। কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত গাণিতিক পরিভাষায় হাম্পব্যাক তিমিটির জবাব বিশ্লেষণ করা হয়েছে।

সেই বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীরা অনুমান করছেন, টোয়েন নামের তিমিটি হয়তো নৌকায় থাকা গবেষক দলটিকে অভিবাদন জানিয়েছে। সেই সঙ্গে এভাবেই টোয়েন ও তার দলের অন্য তিমিগুলো পরস্পরের সঙ্গে যোগাযোগ করে বলেও অনুমান করেন বিজ্ঞানীরা।

সংশ্লিষ্ট বিজ্ঞানীদের প্রত্যাশা, তিমির সঙ্গে এই কথোপকথনের অভিজ্ঞতা ভবিষ্যতে হয়তো ভিনগ্রহের কোনো সম্ভাব্য প্রাণীর সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে কাজে লাগতে পারে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন