বড় ক্ষয়ক্ষতির কথা স্বীকার ইসরায়েলের, ইরানে পাল্টা হামলার সিদ্ধান্ত
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০১:৫০ এএম
ইরানের নজিরবিহীন আক্রমণের চারদিন পর ইসরায়েল ঘোষণা করেছে যে, তেহরানে পাল্টা হামলা চালানো হবে। গেল কয়েকদিন দ্বিধাদ্বন্দ্বের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা এই সিন্ধান্ত নেয়। এর পরপরই ইসরায়েলি সেনা প্রধান হুশিয়ারি দিয়েছেন, ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কঠিন পরিণতি ভোগ করবে। ইরানও বলেছে, তেল আবিব যেকোন সামরিক পদক্ষেপ নিলে আরও কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে।
এদিকে সময় যত গড়াচ্ছে, ইরানের হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির ভয়াবহ দৃশ্য প্রকাশ পাচ্ছে। ইরানের অন্তত ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দুটি বিমানঘাঁটিতে আঘাত হানে। তেল আবিবের বিস্তৃত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এর মধ্যে পাঁচটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভাটিম বিমানঘাঁটিতে আঘাত করে। সেখানে থাকা ইসরায়েলের একটি সি-ওয়ান থার্টি রসদবাহী উড়োজাহাজ, একটি রানওয়ে এবং একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে নেগেভ বিমানঘাঁটিতে। তবে সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইসরায়েল এবারই প্রথম অ্যারো-থ্রি নামের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করেছে। মার্কিন সহায়তায় তৈরি করা এই অ্যারো-থ্রি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার জন্য তৈরি হয়েছে। এরপরও ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে লক্ষ্যবস্তুতে আঘাত হানাটা দেশটির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত শনিবার রাতে ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়। যার ৯৯ শতাংশই আকাশে থাকতে ধ্বংস করার দাবি করেছিল ইসরায়েল। তবে বর্তমান ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসার পর ইরানের হামলা যে ভয়াবহ ছিলো তা প্রকাশ পেয়েছে। ইরানের জনসাধারণ তাদের সামরিক সক্ষমতাকে উদযাপন করেই যাচ্ছে। ইসরায়েলকে নাকানিচুবানি খাইয়ে দেওয়ায় তেহরানে মিছিল সমাবেশ চলছেই।
চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানের কনসুলেটে প্রাণঘাতী হামলার বদলা হিসেবে এই হামলা চালায় তেহরান। এটাও বলেছে যে ইসরায়েল যদি আবারও হামলা চালায়, তাহলে আরও বড় পরিসরে জবাব দেওয়া হবে। এমন অবস্থায় কয়েকদিন দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল ইসরায়েল নেতৃবৃন্দ। অবশেষে নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা সিন্ধান্ত নেয় যে, ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল।
তবে গাজা যুদ্ধের মধ্যেই ইরানের সঙ্গে কোনো ধরনের শত্রুতা বাড়াতে চায় না যুক্তরাষ্ট্র। কিন্তু ইসরায়েলে তেহরান হামলা চালালে ওয়াশিংটন তেল আবিবকে রক্ষা করা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
