Logo
Logo
×

আন্তর্জাতিক

কেজরিওয়ালের গ্রেফতার ইস্যুতে মুখোমুখি ভারত ও যুক্তরাষ্ট্র

কেজরিওয়ালের গ্রেফতার ইস্যুতে মুখোমুখি ভারত ও যুক্তরাষ্ট্র

Icon

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০৫:৩১ এএম

কেজরিওয়ালের গ্রেফতার ইস্যুতে মুখোমুখি ভারত ও যুক্তরাষ্ট্র

কেজরিওয়ালের গ্রেফতার ইস্যুতে মুখোমুখি ভারত ও যুক্তরাষ্ট্র

গ্রেফতার হওয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিচারপ্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ভারত।

বুধবার (২৭ মার্চ) দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন গ্লোরিয়া বারবেনাকে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে ডেকে পাঠানো হয়। সেখানে তিনি প্রায় ৪০ মিনিট ছিলেন।

তাকে বলা হয়, কেজরিওয়ালের বিচারপ্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র যে মন্তব্য করেছে, তা অবাঞ্ছিত ও অনভিপ্রেত।

এর আগে গত বৃহস্পতিবার আবগারি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কেজরিওয়ালকে গ্রেফতার করে। পরে নিম্ন আদালতের নির্দেশে তাকে ইডি হেফাজতে রাখা হয়।

আদালতে ইডি বলেছে, কেজরিওয়ালই আবগারি নীতির মূল পান্ডা। তিনি ১০০ কোটি রুপি ঘুষ নিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম বলছে, কেজরিওয়ালের বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে যুক্তরাষ্ট্র মঙ্গলবার (২৬ মার্চ) প্রতিক্রিয়া জানায়। তারা আশা প্রকাশ করে বলে, বিচার সুষ্ঠুভাবে হবে, দ্রুত সম্পন্ন হবে এবং মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষিত হবে। বার্তা সংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে এ তথ্য জানায়।

এর আগে শুক্রবার (২২ মার্চ) কেজরিওয়ালের গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করে জার্মানি। সেই সঙ্গে ‘ন্যায্য ও নিরপেক্ষ বিচারের’ আহ্বান জানায় দেশটি।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আমরা বিষয়টি নোট নিয়েছি। ভারত একটি গণতান্ত্রিক দেশ। আমরা অনুমান করি এবং আশা করি যে, বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কিত মান ও মৌলিক গণতান্ত্রিক নীতিগুলো এক্ষেত্রেও প্রয়োগ করা হবে।

তিনি আরো বলেন, অভিযোগের মুখোমুখি হওয়া যেকোনো ব্যক্তির মতো কেজরিওয়ালেরও ন্যায্য ও নিরপেক্ষ বিচার পাওয়ার অধিকার রয়েছে। তিনি যেন কোনো বিধিনিষেধ ছাড়াই সমস্ত আইনি উপায় ব্যবহার করতে পারেন।

তবে কেজরিওয়াল ইস্যুতে জার্মানির বক্তব্যেরও কড়া প্রতিবাদ জানায় ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্যকে ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে।

বুধবার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কূটনীতিতে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় ও সার্বভৌমত্ব সম্পর্কে শ্রদ্ধাশীল থাকা জরুরি। দুই দেশই গণতান্ত্রিক হলে এই শিষ্টাচার আরো বেশি করে কাঙ্ক্ষিত। না হলে অনাকাঙ্ক্ষিত ও অস্বাস্থ্যকর পরিস্থিতির জন্ম হয়।

পাশাপাশি আরো বলা হয়, ভারতের বিচারব্যবস্থা স্বাধীন। বিচারপ্রক্রিয়া দ্রুতগামী করার জন্য সেই ব্যবস্থা প্রতিজ্ঞাবদ্ধ। এই বিষয়ে দোষারোপ করা অনভিপ্রেত।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন