Logo
Logo
×

আন্তর্জাতিক

খাবারের অভাবে ঘাস দিয়ে ইফতার করছে ফিলিস্তিনিরা

Icon

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০৪:৫৬ এএম

খাবারের অভাবে ঘাস দিয়ে ইফতার করছে ফিলিস্তিনিরা

ফিলিস্তিনের গাজা উপত্যকার এক বৃদ্ধা ঘাস দিয়ে ইফতার তৈরি করছেন। শখের বশে নয়, ইসরায়েলি আগ্রাসনের মধ্যে গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। যার জন্য অনেকে না খেয়েও মারা যাচ্ছেন- এমন ঘটনাও ঘটছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ওই নারী একটি পাত্রে শুধুমাত্র ঘাস রেখেছেন। যেটি দিয়েই ইফতার করবেন বলে জানিয়েছেন। কারণ, খাওয়ার মতো আর কিছুই নেই।

ভিডিওতে ওই নারীর কাছে প্রশ্ন করা হলে কান্নারত অবস্থায় তিনি বলেন, ঘাস ছাড়া আর কী আছে? আমরা এখন কী করতে পারি।

আগের দিন কী দিয়ে ইফতার করেছেন এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের জন্য কী আছে? গতকাল ত্রিশজন মানুষের জন্য আমাদের এক প্লেট চাল ছিল। যেটি আমরা সিদ্ধ করে খেয়েছি।

ওই নারী বলেন, আমরা এখন আজকের জন্য এই ঘাস তৈরি করছি। যেটি আসলে পশুদের খাদ্য। এমনকি পশুরাও এই ঘাস খাবে না।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রথম রোজায় খাবারের অভাবে ইফতার করতে পারেননি প্রায় ২ হাজার চিকিৎসাকর্মী। এছাড়া বহু মানুষ ও শিশুরা পর্যন্ত সেখানে না খেয়ে থাকছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, বর্তমানে উত্তর গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। কারণ এলাকাটিতে গুরুত্বপূর্ণ মানবিক ও খাদ্য সহায়তায় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরাইল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বর্তমানে গাজার উত্তরাঞ্চলে প্রতি ছয়জনের মধ্যে অন্তত একজন অপুষ্টির শিকার।
 
এমন পরিস্থিতিতেও যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, চূড়ান্ত বিজয় অর্জনের আগে থামবে না এই হামলা। তার দাবি, রাফাহ সীমান্তেও লুকিয়ে আছে হামাস যোদ্ধারা। তাই আন্তর্জাতিক অনুরোধ উপেক্ষা করেই সেখানে হামলা চালানোর সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তিনি।

গেল ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। এছাড়া ২৫৩ জনকে জিম্মি করা হয়। জবাবে ওই দিন থেকেই গাজায় সর্বাত্মক অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। তাদের হামলায় এখন পর্যন্ত ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন