ভারতের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু ১৯ এপ্রিল, ফল ৪ জুন
প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ১১:০৩ পিএম
১৬ মার্চ, শনিবার ভোটগ্রহণের সময়সূচি ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন
ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। সাতটি ধাপে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ১৯ এপ্রিল শুরু হয়ে ভোট চলবে ১ জুন পর্যন্ত। আর ভোটের ফল ঘোষণা করা হবে আগামী ৪ জুন।
শনিবার (১৬ মার্চ) ভারতের নির্বাচন কমিশন থেকে ভোটের এই সময়সূচি ঘোষণা করা হয়।
দেশটিতে সাতটি ধাপে নির্বাচন হবে। প্রথম পর্বের ভোট ১৯ এপ্রিল। এদিন ২১টি রাজ্যের ১০২ টি আসনে ভোটগ্রহণ হবে। ২৬ এপ্রিল দ্বিতীয় পর্বে ১৩টি রাজ্যের ৮৯টি আসনে ভোট হবে। ৭ মে তৃতীয় পর্বে ১২টি রাজ্যে ৯৪টি আসনে ভোট হবে। চতুর্থ পর্বের ভোট ১৩ মে। ওই দিন ১০টি রাজ্যের ৯৬টি আসনে ভোট।
এছাড়া ২০ মে পঞ্চম পর্বের ভোট। ৮টি রাজ্যের ৪৯টি আসনে ওইদিন ভোট হবে। ষষ্ঠ পর্বের ভোট হবে ২৫ মে। ৭ রাজ্যের ৫৭টি আসনে ওই দিন ভোট হবে। সপ্তম পর্বের ভোট হবে ১ জুন। ৮ রাজ্যে ৫৭টি আসনে ওই দিন ভোট করানো হবে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “আমাদের ৯৭ কোটি নিবন্ধিত ভোটার রয়েছে। যা কয়েকটি মহাদেশের সম্মিলিত ভোটারের চাইতে বেশি। সাড়ে ১০ লাখের বেশি ভোটকেন্দ্রে দেড় কোটি ভোটগ্রহণ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ৫৫ লাখের বেশি ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ও ৪ লাখ যানবাহন ভোটের কাজে ব্যবহার হবে।”
বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত। সেখানে প্রায় ৯৭ কোটি নিবন্ধিত ভোটার রয়েছে। দেশটির বর্তমান লোকসভার মেয়াদ শেষ হবে আগামী ১৬ জুন।
