আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় নিহত ৩৬
আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় নিহত ৩৬
প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০২:০১ পিএম
আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় নিহত ৩৬
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। খবর আল জাজিরার।
নুসিরাত শরণার্থী শিবির থেকে কিছুটা দূরে মধ্য গাজার বাড়িটিতে ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বোমা হামলায় একটি পরিবারের বাড়ি ধ্বংস হয়েছে এবং নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজা ভূখণ্ড প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহত হয়েছে প্রায় সাড়ে ৩১ হাজার ফিলিস্তিনি। আর আহত ৭৩ হাজার ছাড়িয়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে গাজার বাসিন্দারা প্রায় সবাই উদ্বাস্তু হয়ে গেছে।
কঠোর অবরোধ ও অবিরাম হামলার মধ্যে থাকা গাজাবাসীরা অনাহারে ভুগতে ভুগতে দুর্ভিক্ষের প্রান্তে চলে গেছে। ইতোমধ্যেই অপুষ্টি ও পানিশূন্যতায় শিশুসহ অনেকের মৃত্যু হয়েছে। ক্ষুধায় বেপরোয়া হয়ে ওঠা লোকজন ত্রাণের জন্য হাহাকার করছে। ত্রাণবাহী ট্রাক দেখলেই ঝাঁপিয়ে পড়ছে, ত্রাণের জন্য হুড়োহুড়ি করছে।
