Logo
Logo
×

আন্তর্জাতিক

নিজের অর্থনৈতিক উপদেষ্টাকে প্রধানমন্ত্রী করলেন আব্বাস

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ১২:২০ এএম

নিজের অর্থনৈতিক উপদেষ্টাকে প্রধানমন্ত্রী করলেন আব্বাস

ফিলিস্তিনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘদিনের অর্থনৈতিক উপদেষ্টা মোহাম্মদ মুস্তফাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

বৃহস্পতিবার (১৪ মার্চ) এক প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে মুস্তফাকে নতুন প্রধানমন্ত্রী ও সরকার গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় সৃষ্ট পরিস্থিতির কারণে ফেব্রুয়ারিতে পদত্যাগ করেছিলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ। মুস্তফা তার স্থলাভিষিক্ত হবেন।

মুস্তফা এখন প্যালেস্টাইন ইনভেস্টমেন্ট ফান্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সিনিয়র অর্থনৈতিক উপদেষ্টা এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটির সদস্য তিনি।

অর্থনীতিবিদ ও রাজনীতিক মুস্তফা ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে একটি টেকনোক্র্যাটিক সরকারের নেতৃত্ব দেবেন। আব্বাসের ঘনিষ্ঠ মিত্রের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা যুক্তরাষ্ট্রের সংস্কারের দাবির কতটা পূরণ করবে তা স্পষ্ট নয়। কারণ সামগ্রিক নিয়ন্ত্রণে থাকবেন ৮৮ বছর বয়সী প্রেসিডেন্ট নিজেই। তবে এই নিয়োগকে স্বাগত জানিয়ে পরিবর্তন আনতে দ্রুত নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

১৯৫৪ সালে পশ্চিম তীরের তুলকারেম শহরে জন্ম হয় মুস্তফার। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসন ও অর্থনীতিতে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। এর আগে তিনি উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন