আশ্রয়প্রার্থীদের ডিজিটাল ডেবিট কার্ড দেবে জার্মানি
আশ্রয়প্রার্থীদের ডিজিটাল ডেবিট কার্ড দেবে জার্মানি
প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ০২:১৩ পিএম
আশ্রয়প্রার্থীদের ডিজিটাল ডেবিট কার্ড দেবে জার্মানি
আশ্রয়প্রার্থীরা জার্মানিতে যেসব সুবিধা পান তা যেন দেশটির বাইরে পাঠাতে না পারেন সে জন্য তাদের ডিজিটাল ডেবিট কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জার্মানিতে আশ্রয়প্রার্থীরা বর্তমানে ক্যাশ কিংবা ভাউচারের মাধ্যমে বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন৷
ডিজিটাল ডেবিট কার্ড চালুর জন্য এ সংক্রান্ত নতুন আইনের খসড়া প্রকাশ করা হয়েছে৷ সংসদে উপস্থাপনের পর আইনটি পাস হলেই এর বাস্তবায়ন শুরু হবে৷
জার্মানিতে বর্তমানে একজন আশ্রয়প্রার্থী প্রতি মাসে ক্যাশ বা ভাউচার হিসেবে ৪০০ থেকে ৫০০ ইউরো পেয়ে থাকেন৷ ভবিষ্যতে এই অর্থ ডেবিট কার্ডের মাধ্যমে দেওয়া হবে। সেই কার্ড দিয়ে আশ্রয়প্রার্থীরা সাধারণ ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করা যায় এমন দোকানগুলোতে কেনাকাটা করতে পারবেন৷ তবে এই কার্ড দিয়ে অনলাইন পেমেন্ট করা যাবে না৷
জার্মানির ১৬টি রাজ্য এই ধরনের কার্ড ব্যবস্থা চালু করতে সম্মত হয়েছে৷ তবে কোনো রাজ্য কর্তৃপক্ষ চাইলে তাদের মতো করে কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে৷
পাইলট প্রকল্প হিসেবে কিছু জায়গায় কয়েক মাস আশ্রয়প্রার্থীদের এমন কার্ড দেওয়া হয়েছিল৷ এতে সন্তোষজনক ফল পাওয়া গেছে৷ স্থানীয় কর্তৃপক্ষের প্রশাসনিক চাপ কমেছে৷ এছাড়া অনেক অভিবাসনপ্রত্যাশী পরিবার জানিয়েছে, তাদের মাসিক বাজেট ব্যবস্থাপনা উন্নত হয়েছে৷
রাজনীতিবিদেরা আশা করছেন, এমন কার্ড চালু হলে অনিয়ন্ত্রিত অভিবাসন নিরুৎসাহিত হবে৷
এদিকে অভিবাসন সংশ্লিষ্ট গবেষকেরা বলছেন, আশ্রয়প্রার্থীরা যে অর্থসহায়তা তাদের দেশে পাঠায় তার পক্ষে খুব কম প্রমাণ আছে৷
সোসাইটি ফর ফ্রিডম রাইটসের আইনি বিশেষজ্ঞ লেনা ফ্রেরিশ জানান, গবেষণায় দেখা গেছে, আশ্রয়প্রার্থীরা তখনই দেশে টাকা পাঠান যখন তারা নিজেরা কাজ করে অর্থ উপার্জন করতে পারেন৷ আমার মনে হচ্ছে এমন কার্ড চালুর রাজনৈতিক উদ্দেশ্য আছে৷
উল্লেখ্য, একজন আশ্রয়প্রার্থীর জার্মানিতে থাকার মেয়াদ কমপক্ষে তিনমাস না হলে আইনত কাজ করতে পারেন না৷
