জয় শেঠি
ভারতীয় বংশোদ্ভূত জয় শেঠি ইনফ্লুয়েন্সার, লেখক ও সাধু হিসেবে বেশ খ্যাতি পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অনুপ্রেরণামূলক কনটেন্ট তৈরি করেন। তার ভক্ত-অনুরাগীর সংখ্যাও অনেক। তবে জয় শেঠির এই খ্যাতির পেছনে অসাধু পন্থা অবলম্বনের অভিযোগ উঠেছে। যা নিয়ে প্রতিবেদন করেছে দ্য গার্ডিয়ান। ওই প্রতিবেদনে জয় শেঠির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, নিজের জীবন নিয়ে তিনি অনুসারীদের কাছে অতিরঞ্জিত তথ্য দিয়েছেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের পোস্ট চুরি করারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
‘থিঙ্ক লাইক এ মঙ্ক: ট্রেইন ইয়োর মাইন্ড ফর পিস অ্যান্ড পারপাস এভরি ডে’ নামক বইটি বেশ পাঠকপ্রিয়তা পায়। জয় শেঠির লেখা বইটি নিয়ে দ্য গার্ডিয়ান লিখেছে, লেখক শেঠি ভারতের একটি মন্দিরে তিন বছর কাটিয়েছেন বলে বইয়ে উল্লেখ করেছেন। যেটি আসলে মিথ্যা।
৩৬ বছর বয়সী জয় শেঠি লন্ডনে জন্মগ্রহণ করেন। সেখানকার বিজনেস স্কুলে পড়াশোনা করেছেন তিনি। ‘অন পারপাস’ পডকাস্ট হোস্ট করেন, যেখানে তিনি মিশেল ওবামা, কিম কার্দাশিয়ান এবং প্রয়াত কোবে ব্রায়ান্টের মতো অতিথিদের নিয়ে এসেছিলেন।
জয় শেঠি স্কুলও চালান, যেখানে শিক্ষার্থীরা হাজার হাজার ডলার খরচ করেন। গার্ডিয়ানের ওই অনুসন্ধানী প্রতিবেদনে, শেঠির শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
দ্য গার্ডিয়ানের তথ্যমতে, গত বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখার জন্য হোয়াইট হাউসের রাষ্ট্রীয় নৈশভোজেও অংশ নিয়েছিলেন শেঠি। তিনি মার্কিন প্রশাসনের মানসিক স্বাস্থ্য উদ্যোগ সম্পর্কে জো বাইডেনেরও একান্ত সাক্ষাৎকার নিয়েছিলেন।
জনপ্রিয়তা এবং মিশেল ওবামা ও ম্যাট ড্যামনের মতো সেলিব্রিটির সমর্থন থাকার পরও সাম্প্রতিক অভিযোগগুলো শেঠির খ্যাতির শিখরে উঠে আসার গল্পের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। দ্য গার্ডিয়ানে সাংবাদিক জন ম্যাকডারমটের ওই প্রতিবেদনে শেঠির আধ্যাত্মিক জাগরণের দাবিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
বলা হচ্ছে, জয় শেঠির ঘনিষ্ঠরাই তার আধ্যাত্মিক রূপান্তরের ‘নাটকীয়’ প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং শেঠি নিজেই তার বক্তব্যে নিজের বয়স নিয়ে বিরোধপূর্ণ তথ্য দিয়েছেন।
গার্ডিয়ান লিখেছে, যে সময়টিতে ভারতীয় আশ্রমে ধ্যানমগ্ন ছিলেন বলে শেঠি দাবি করেন সেই সময়টিতে তিনি আসলে লন্ডনেই অবস্থান করছিলেন। শেঠির সমাজ বিচ্ছিন্ন হওয়া একটি অতিরঞ্জিত ঘটনা হতে পারে। কারণ সন্ন্যাস ব্রতের বদলে তিনি মূলত ইউটিউব ভিডিও তৈরির মতো কার্যকলাপে যুক্ত ছিলেন। হিন্দু ধর্মীয় সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সঙ্গেও শেঠির যোগসাজশ রয়েছে বলে অভিযোগ রয়েছে।
প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, শেঠি যথাযথ কৃতিত্ব না দিয়েই অন্যদের লেখা কিংবা পোস্ট চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছেন। অনলাইনে চুরির অভিযোগ সামনে আসার পর ২০১৯ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ১০০টিরও বেশি পোস্ট মুছে ফেলেছিলেন জয় শেঠি। এই ঘটনা শেঠির চিন্তার মৌলিকত্ব নিয়ে প্রশ্ন তোলে।
দ্য গার্ডিয়ান অবলম্বনে
