আরো ব্রিটিশ জাহাজ ডোবানোর হুমকি হুতিদের
আরো ব্রিটিশ জাহাজ ডোবানোর হুমকি হুতিদের
প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০৭:৩৫ এএম
আরো ব্রিটিশ জাহাজ ডোবানোর হুমকি হুতিদের
যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজ রুবিমার ডুবে যাওয়ার পর এডেন উপসাগরে ব্রিটিশ জাহাজগুলোতে হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, ১৮ ফেব্রুয়ারি ইয়েমেনি হুতি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজ রুবিমার ডুবে গেছে।
হুতি নেতৃত্বাধীন সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজি বলেছেন, ইয়েমেন আরো ব্রিটিশ জাহাজ ডুবিয়ে দেবে এবং ব্রিটেনের তালিকায় যেকোনো প্রতিক্রিয়া বা অন্যান্য ক্ষয়ক্ষতি যোগ করা হবে। এটি একটি দুর্বৃত্ত রাষ্ট্র, যেটি ইয়েমেনে আক্রমণ করে এবং গাজার বেসামরিকদের বিরুদ্ধে চলমান অপরাধের পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদার হয়।
হুতি বিদ্রোহীরা নভেম্বরের মাঝামাঝি থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে এসব হামলা হচ্ছে বলে তারা জানিয়েছে।
লোহিত সাগরে তাদের আক্রমণ বিশ্বব্যাপী জাহাজ চলাচলকে ব্যাহত করেছে। প্রতিষ্ঠানগুলো দক্ষিণ আফ্রিকার আশপাশে দীর্ঘ ও আরো ব্যয়বহুল যাত্রার মাধ্যমে তাদের জাহাজের পথ পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। পাশাপাশি ইসরায়েল-হামাস যুদ্ধ বিস্তৃত হয়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন লোহিত সাগরের জাহাজে হামলার প্রতিশোধ হিসেবে জানুয়ারিতে ইয়েমেনে হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে।
