Logo
Logo
×

আন্তর্জাতিক

কৃষকদের ওপর চড়াও মোদি সরকার, পুলিশের গুলিতে নিহত ১

কৃষকদের ওপর চড়াও মোদি সরকার, ভারতে পুলিশের গুলিতে নিহত ১

Icon

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৩ পিএম

কৃষকদের ওপর চড়াও মোদি সরকার, ভারতে পুলিশের গুলিতে নিহত ১

ভারতে কৃষকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, নিহত ১

ভারতের আন্দোলনরত কৃষকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে পাঞ্জাব-হরিয়ানা সীমান্ত শহর খানাউরিতে। এতে শুভ করণ সিং নামের এক কৃষক নিহত হয়েছেন।

আন্দোলনরত কৃষকদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উৎপাদিত ফসলের ন্যূনতম মূল্য (মিনিমাম সাপোর্টিং প্রাইস-এমএসপি) বাড়ানোর দাবিতে কর্মসূচিতে যোগ দিতে হরিয়ানা রাজ্য থেকে রাজধানী নয়াদিল্লিতে রওনা কৃষকদের একটি দল। তাদের থামাতে হরিয়ানা-দিল্লির সব সীমান্তপথে ব্যারিকেড বসিয়েছিল হরিয়ানা পুলিশ।

খানাউরি সীমান্তপথে ব্যারিকেডের সারি দেখতে পেয়ে কৃষকরা সেগুলো সরানোর চেষ্টা করছিলেন, সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হরিয়ানা পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এবং এতে শুভ করণ সিং ঘটনাস্থলেই নিহত হন। তিনি ছাড়া আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

হরিয়ানাভিত্তিক কৃষক সংগঠন অল ইন্ডিয়া কিষান সভার (এআইকেএস) নেতারা জানিয়েছেন, গুলিবিদ্ধ তিন জনকে নিকটস্থ পাতিয়ালা হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎকরা শুভ করণকে মৃত ঘোষণা করেন।

পাতিয়ালা হাসপাতালের একজন চিকিৎসক এনডিটিভিকে বলেন, ‘গুলিবিদ্ধ তিন জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে একজনকে আনা হয়েছিল মৃত অবস্থায়, বাকি দু’জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল আছে।’

প্রসঙ্গত ভারতের কৃষকরা যেন তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান, সেজন্য তাদের ফসল একটি নির্ধারিত মূল্যে কিনে নেয় দেশটির সরকার। নির্ধারিত এই মূল্যকে বলা হয় মিনিমাম সাপোর্টিভ প্রাইস (এমএসপি)।

২০২০ সালের সেপ্টেম্বরে নতুন কৃষি আইন প্রণয়ন করে কেন্দ্রে আসীন বিজেপি সরকার। সেই আইনে এই ব্যবস্থাটির পরিবর্তন ও এমএসপি প্রথাটি পর্যায়ক্রমে অকার্যকর করা হবে বলে।এর প্রতিবাদে সেই বছর নভেম্বর থেকে নতুন কৃষি আইন বাতিল এবং বিভিন্ন ফসলের এমএসপি বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেছিলেন ভারতের কৃষকরা।

প্রায় এক বছর ধরে দিল্লিতে কৃষকদের অবস্থান, প্রতিবাদ কর্মসূচী এবং ৭ শতাধিক কৃষকের মৃত্যুবরণের পর ২০২১ সালের নভেম্বরে নতুন কৃষি আইন বাতিল করে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে কৃষক সংগঠনগুলোর বিভিন্ন দাবি-দাওয়া মেনে নেওয়ার প্রতিশ্রুতিও প্রদান করে।

তবে কৃষকদের অভিযোগ, সেই প্রতিশ্রুতির দুই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত  ভুট্টা, তুলা, মাসকালাই, মটর ও মসুর ডালসহ কয়েকটি ফসলের এমএসপি বাড়ানো হয়নি। এসব ফসলের এমএসপি পুনঃনির্ধারণের দাবিতে গত মাসে দিল্লিতে কর্মসূচি পালনের ঘোষণা দেয় ভারতীয় কৃষদের সবচেয়ে বড় দুই জোট কিষাণ মজুদর মোর্চা ও সংযুক্ত কিষাণ মোর্চা।

দুই জোট কর্মসূচি ঘোষণার পর ন্যূনতম এমএসপি নির্ধারণে কৃষক নেতাদের সঙ্গে এ পর্যন্ত ৫ দফা বৈঠক করেছেন ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুণ্ডা। এসব বৈঠকে সরকারের প্রস্তাবিত এমএসপি কৃষকরা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন, অন্যদিকে কৃষক নেতাদের প্রস্তাবিত এমএসপি মেনে নিতে অনাগ্রহ দেখিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে প্রত্যাকটি বৈঠক ব্যর্থ হয়েছে।

শুভ করণ সিং নিহতের পর এক বিবৃতিতে অল ইন্ডিয়া কিষান সভা জানিয়েছে, ‘শুভ করণ সিংয়ের মৃত্যুর জন্য পুলিশ এককভাবে দায়ী। এই হত্যা প্রমাণ করে যে মুখে কৃষক-বান্ধব বলে দাবি করা মোদি সরকার আদতে কী পরিমাণ নিষ্ঠুর। হরিয়ানা রাজ্য সরকারে ক্ষমতাসীন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী  মনোহর লাল খাট্টার দিল্লিগামী কৃষকদের শত্রু সৈন্য হিসেবে বিবেচনা করছেন এবং তাদের দমনে নিষ্ঠুর সব কৌশল অবলম্বন করছেন।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন