ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্রে ৬০ রুশ সেনা নিহত
ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্রে ৬০ রুশ সেনা নিহত
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৪ এএম
ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্রে ৬০ রুশ সেনা নিহত
ইউক্রেনের একটি অধিকৃত এলাকায় দেশটির সামরিক বাহিনীর জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬০ রুশ সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে।
ইউক্রেনের নিরাপত্তা সূত্রের বরাতে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার (২১ ফেব্রুয়ারি) দোনেৎস্ক শহরে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রুশ সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা ওই অঞ্চলে পৌঁছানোর কথা ছিল। এজন্য সেখানকার একটি প্রশিক্ষণ শিবিরে সেনারা জড়ো হয়েছিলেন।
ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রশিক্ষণ শিবিরের ভেতর অনেকের মরদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সাক্ষাতের কয়েক ঘণ্টা আগে হামলা হয়েছে। যদিও হামলার বিষয়ে রাশিয়া বা ইউক্রেনের কোনো পক্ষই আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রুশ সেনাবাহিনীর একটি ব্রিগেড সাইবেরিয়ার ট্রান্সবাইকল অঞ্চলে অবস্থিত পূর্ব সামরিক অঞ্চলের ২৯তম সেনা কমান্ডের মেজর জেনারেল ওলেগ মোইসিয়েভের জন্য অপেক্ষা করছিলেন। হামলা থেকে বেঁচে যাওয়া এক সেনা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের তৈরি হাইমারস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার মাধ্যমে তাদের লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
সামাজিক যোগাযোগমমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থলে বেশ কয়েকজন সেনার মরদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। হামলায় আহত দুই সেনা জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ৬০ সেনা নিহত হয়েছেন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।
