স্ত্রীর হাতে হাত রেখে স্বেচ্ছামৃত্যুকে বরণ করলেন যে প্রধানমন্ত্রী
স্ত্রীর হাতে হাত রেখে স্বেচ্ছামৃত্যুকে বরণ করলেন যে প্রধানমন্ত্রী
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৯ এএম
স্ত্রীর হাতে হাত রেখে স্বেচ্ছামৃত্যুকে বরণ করলেন যে প্রধানমন্ত্রী
স্ত্রীর হাতে হাত রেখে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী দ্রিস ভ্যান অ্যাগট। তার স্ত্রী ইউজিনকে সঙ্গে নিয়ে মৃত্যুবরণ করেছেন তিনি। অ্যাগট ও ইউজিনের এই স্বেচ্ছামৃত্যু নেদারল্যান্ডসে দম্পতি বা যুগলদের স্বেচ্ছায় মৃত্যুবরণের ট্রেন্ডেরই উদাহরণ।
গত ৫ ফেব্রুয়ারি তাদের মৃত্যু হয়। তাদের উভয়েরই বয়স ছিল ৯৩ বছর। দ্রিস ভ্যানের প্রতিষ্ঠিত একটি অধিকার সংস্থার পরিচালক জেরার্ড জোনকম্যান বলেন, গত সপ্তাহে তারা হাতে হাত রেখে দুনিয়া ত্যাগ করেছেন।
জেরার্ড জোনকম্যান জানান, ২০১৯ সালে মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দ্রিস ভ্যান। তিনি স্ত্রীকে রেখে আগে চলে যেতে চাইছিলেন না। পরবর্তী সময়ে একসঙ্গে মৃত্যুবরণ করার সিদ্ধান্ত নেন তারা।
দ্রিস ভ্যান ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ছিলেন। খ্রিস্টান ডেমোক্র্যাটিক আপিল পার্টির নেতা ছিলেন তিনি। ব্যক্তি জীবনে ছিলেন ক্যাথলিক খ্রিস্টান। তবে তিনি সবসময় নিজের মতো করেই চলেছেন।
প্রসঙ্গত, ২০২০ সালে নেদারল্যান্ডসে কোনো দম্পতিকে প্রথমবারের মতো একসঙ্গে মৃত্যুবরণের অনুমতি দেওয়া হয়েছিল। পরের বছরই ৩২ যুগল এভাবে মৃত্যুবরণ করেন। আর ২০২৩ সালে দেশটিতে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন ৫৮ যুগল।
নেদারল্যান্ডসে ২০০২ সাল থেকে স্বেচ্ছায় মৃত্যুবরণ বা সাহায্য নিয়ে আত্মহত্যার অনুমতি রয়েছে। তবে এক্ষেত্রে ৬টি শর্ত রয়েছে। যার মধ্যে অন্যতম শর্ত হলো- আগ্রহী ব্যক্তিদের অসহ্য যন্ত্রণার মধ্যে কিংবা নিরাময় হবে না এমন কোনো কঠিন রোগে আক্রান্ত থাকতে হবে। সার্বিক পরিস্থিতি যাচাই-বাছাইয়ের পর পারিবারিক চিকিৎসকের সহযোগিতায় আগ্রহী ব্যক্তিকে স্বেচ্ছায় মৃত্যুবরণের অনুমতি দেওয়া হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান
