নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা, বিদ্রোহীদের দখলে রাখাইনের আরও ২ ঘাঁটি
কূটনৈতিক সংবাদদাতা
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম
মিয়ানমারের রাখাইনে তুমুল সংঘর্ষে পিছু হটছে জান্তা সরকার। আরাকান আর্মির নেতৃত্বাধীন সামরিক জোট নতুন করে রাজ্যটির আরো দুটি ঘাঁটি দখল করে নিয়েছে। মঙ্গলবার থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাবতি এমন তথ্য জানিয়েছে।
ইরাবতির ওই প্রতিবেদনে বলা হয়, রাখাইনের ম্রাউক ইউ ও কিয়াকতাও শহরে ওই ঘাঁটি দুটি দখলের সময় জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে মিয়ানমার জান্তার অনেক সৈন্য হতাহত হয়েছে বলে দাবি করেছে আরাকান আর্মি।
রাখাইনের ঐতিহাসিক ম্রাউক ইউ শহরে কয়েক দিনের তীব্র সংঘর্ষের পর সোমবার সকালের দিকে মিয়ানমার সামরিক বাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন (এলআইবি)-৩৭৮’র সদরদপ্তরের দখল নিয়েছে আরাকান আর্মির যোদ্ধারা।
গত মঙ্গলবার ম্রাউক ইউ শহরে জান্তা বাহিনীর এলআইবি-৫৪০ এর সদরদপ্তরের দখল এবং এলআইবি-৩৭৭ ঘাঁটিতে হামলা চালায় আরাকান আর্মি। রাখাইনের এই বিদ্রোহী গোষ্ঠীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর ওই তিনটি ব্যাটালিয়ন ম্রাউক ইউ শহরের ঐতিহাসিক রাজধানী, ম্রাউক ইউ প্রত্নতাত্ত্বিক জাদুঘর, শহরের আবাসিক এলাকা এবং আশপাশের গ্রামগুলোতে গোলাবর্ষণ করেছে।
আরাকান আর্মি এক বিবৃতিতে বলেছে, গত ২ ফেব্রুয়ারি কিয়াকতাও শহরে এলআইবি-৩৭ সদরদপ্তর এবং মিনবিয়া, কিয়াকতাও ও ম্রাউক ইউ শহরের অন্যান্য জান্তা ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে যোদ্ধারা।
বিবৃতিতে আরাকান আর্মি বলেছে, আকাশ ও সমুদ্র থেকে জান্তা বাহিনীর বোমাবর্ষণের মাঝেই রাথেডং, পোন্নাগিউন, রামরি এবং অ্যান শহরে সংঘর্ষ চলছে। মংডু শহরের বাংলাদেশ সীমান্ত লাগোয়া টাং পিয়ো সীমান্ত ফাঁড়িতে হামলা চালিয়েছে আরাকান আর্মি। রোববার ও সোমবার প্রায় ৯০ জন জান্তা সৈন্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে গেছে।
এদিকে সংঘর্ষের কবলে পড়ে মঙ্গলবারও বেশ কয়েকজন জান্তা সেনা বান্দরবান সীমান্ত দিয়ে দেশে প্রবেশে করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তার দেওয়া তথ্য মতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যসহ দেশটির অন্যান্য বাহিনীর মোট ২৬৪ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
