পতনের পথে মিয়ানমারে কর্তৃত্ববাদী শাসন
বিশেষ প্রতিনিধি, ঢাকা
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০৬:২৪ এএম
বিশ্বে কর্তৃত্ববাদী শাসন গেড়ে বসলেও একেবারে শেঁকড় গেড়ে বসা কর্তৃত্ববাদী শাসনের দেশ মিয়ানমারের চিত্র একটু ভিন্ন। বলা যায়, দেশটির সেনা নিয়ন্ত্রিত শাসকচক্র পরাজয়ের দ্বারপ্রান্তে। বছরের পর বছর দেশের শাসন ক্ষমতা দখল করে অথবা নিয়ন্ত্রণে রাখা সামরিক বাহিনী দেশটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের খবর মিয়ানমারের শাসকগোষ্ঠী দেশটির বৃহত্তর একটি অংশের ওপর নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়েছে। রাজধানী নেপিদো রক্ষাকেই তারা এখন তাদের জীবনরক্ষা কবচ বলে মনে করছে। জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স বা পিডিএফ পুরো দেশের নিয়ন্ত্রণ নেয়ার পথে।
বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, বর্মি তরুণদের মধ্য থেকে প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব এসেছে। এই তরুণেরা দেশব্যাপী পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) গঠন করে বিভিন্ন ইউনিটে সংগঠিত হয়েছেন। তাঁরা প্রথম দিকে বাড়িতে তৈরি অস্ত্র ও অন্যান্য প্রাথমিক অস্ত্র জোগাড় করেছিলেন। পরে তাঁরা জাতিগত মিলিশিয়াদের সঙ্গে (আগে যারা ‘এথনিক আর্মড অর্গানাইজেশনস’ নামে পরিচিত ছিল) সম্মিলিতভাবে লড়াই শুরু করে।
বিশ্লেষকদের মতে, মিয়ানমারের সাম্প্রতিক সহিংসতার সূত্রপাত মূলত: দেশটির সামরিক জান্তার কথা না রাখা থেকেই। সেনা প্রধান মিন অং হ্লাইং এর নেতৃত্বে সামরিক জান্তা ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। অং সান সু চির সরকারকে হটিয়ে তারা ক্ষমতা নেয়, এক বছরের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যাওয়ার কথা বললেও মিন অং হ্লাইং তার শাসন ব্যবস্থা নিয়ে গেড়ে বসেন মিয়ানমারের নাগরিকদের ওপর। অং সান সু চিকে একের পর এক মামলায় সাজা দেয়া হয়। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী নানা অভিযোগে তাঁর মোট ৩৩ বছরের কারাদণ্ড হয়।
তার রাজনতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়। সামরিক জান্তার এমন ষড়যন্ত্রমূলক আচরণ মেনে নিতে পারেনি দেশটির অপেক্ষাকৃত সুস্থ শাসনকালের সুফলভোগী প্রজন্ম। তারপরও তাদের আশা ছিল একটি নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশটির সামরিক শাসরে অবসান ঘটবে, কিন্তু গত ৩১ জুলাই মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ঘোষণায় জান্তার পক্ষ থেকে বলা হয়, দেশে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়বে এবং নির্বাচন কার্যক্রম স্থগিত থাকবে।
এ ঘোষণার পর গত অক্টোবরে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইয়ে একজোট হয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ), মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) ও তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)। জোটটি পরিচিতি পেয়েছে ‘থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স’ নামে। বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত সশস্ত্র এই গোষ্ঠী দ্রুত মিয়ানমারের উত্তর দিককার রাজ্য শানের সামরিক ঘাঁটি এবং মিয়ানমারের সঙ্গে চীনের বাণিজ্যপথের উল্লেখযোগ্য অংশ দখল করে নেয়।
ব্যাংককের চুলালংকর্ন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান অনুষদের অধ্যাপক থিতিনান পংসুধিরাক তার এক নিবন্ধে উল্লেখ করেছেন, প্রতিরোধ বাহিনী তাঁদের সংগ্রামকে ‘বিপ্লব’ বলে দাবি করছেন এবং তাঁরা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়ে একের পর এক লড়াইয়ে সামরিক বাহিনীকে পরাস্ত করছেন। তবে কিনা মিয়ানমারের সামরিক বাহিনীকে পরাস্ত করা এক কথা আর জাতিগতভাবে শতধাবিভক্ত দেশটিতে একটি কার্যকর বহুত্ববাদী রাষ্ট্র পুনর্গঠন করা আরেক কথা।
নিবন্ধটিতে আরও বলা হয়, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃত্ববাদী নেতারা যে কতটা প্রভাবশালী (এমনকি যাঁরা রাষ্ট্রক্ষমতায় নেই, তাঁরাও), তা গণতন্ত্রের পক্ষে নিরন্তর কথা বলে যাওয়া লোকদের চিন্তারও বাইরে। এ-ই যখন অবস্থা, তখন মিয়ানমারে ব্যতিক্রম অবস্থা দেখা যাচ্ছে। সেখানকার প্রতাপশালী সামরিক জান্তাকে ক্ষমতাহীন হয়ে যেতে দেখা যাচ্ছে। জেনারেলদের হাতের মুঠোয় থাকা ক্ষমতা ছিনিয়ে নিতে এবং নিজেদের ভবিষ্যৎকে কণ্টকমুক্ত করতে এখন মিয়ানমারের তরুণরা জান বাজি রেখে সংগ্রাম করে যাচ্ছে।
বিদ্রোহী যোদ্ধারা মিয়ানমারের একের পর এক শহর, বন্দর, নগর দখল করছে। দেশটির বিপুল সংখ্যক সেনাসদস্যকে তারা হতাহত অথবা আটক করেছে, তারপরও তাদের জয় খুব একটা সহজ হবে এমনটা ভাবছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে, মিয়ানমারের এই রক্তক্ষয়ী সংঘাত মাসের পর মাস প্রলম্বিত হতে পারে। কারণ, সামরিক জান্তা তাদের সর্বশেষ ঘাঁটি রাজধানী নেপিদোর পতন ঠেকাতে রাজধানী ও তার চারপাশে পদাতিক, গোলন্দাজ ও বিমানবাহিনীকে ব্যবহার করতে থাকবে।
এ লড়াইয়ের ক্ষেত্রে মিয়ানমারের অভ্যন্তরীণ নানা উপাদানের চাইতে বড় বিবেচনার বিষয় মিয়ানমারের বৃহৎ দু’প্রতিবেশী চীন ও ভারতের মনোভাব। চীন একটি চরম কর্তৃত্ববাদী রাষ্ট্র। মিয়ানমারের সামরিক সরকারের ওপর তাদের অসীম প্রভাব রয়েছে। তবে পলায়নপর একটি শাসকগোষ্ঠীকে বেইজিং কতটা রক্ষা করবে তা একটি বড় প্রশ্ন। ভারতকে নির্বাচন আর গণতন্ত্রের বাতাবরণে একটি কর্তত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছেন নরেন্দ্র মোদী। মিয়ানমারে জনতার জয়কে মোদী সরকার কতটা স্বাগত জানাবে সেটাও একটা প্রশ্ন। মিয়ানমারের অপশাসনের সবচে বড় ভূক্তভোগী দেশটি বাংলাদেশ। তবে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে ঢাকা কোন রকম হস্তক্ষেপ করবে এমনটা কেউ আশা্ও করে না। তদুপরি বাংলাদেশের বর্তমান শাসকগোষ্ঠীও জনতা থেকে বিচ্যূত। তাই গণতান্ত্রিক আন্দোলনের জয় তাদের ভীত না করে পারে না। তাই গণতন্ত্র আর জনতার জয়ের জন্য চলমান লড়াইয়ে মিয়ানমারের জনগণ নিকট প্রতিবেশীদের কারো কাছ থেকে খুব একটা সহযোগিতা পাবেন না। তবে দূর গণতান্ত্রিক দেশগুলোর শুভ কামনা আর সহযোগিতা তাদের সাথে থাকলে বিলম্বে হলেও এ লড়াইয়ে মিয়ানমারের জনতার জয় অবশ্যসম্ভাবী এমনটাই ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের।
