সেনা সদর দফতরে হামলা মামলায় ইমরান গ্রেফতার
সেনা সদর দফতরে হামলা মামলায় ইমরান গ্রেফতার
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ০৩:১৫ এএম
সেনা সদর দফতরে হামলা মামলায় ইমরান গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সেনা সদর দফতরে হামলা চালানোর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আবার তোশাখানা মামলায় তিনি এবং তার স্ত্রী বুশরা বিবিকে দেশের দুর্নীতিবিরোধী সংস্থার (ন্যাব) আদালত অভিযুক্ত করেছে। অর্থাৎ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ইমরানের ওপর মামলা-সংক্রান্ত চাপ ক্রমেই বাড়ছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সাবেক চেয়ারম্যান ইমরান খান এখন পাঞ্জাবের আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। বর্তমানে কূটনীতিক গোপন নথি (সাইফার) ফাঁসের মামলায় কারাগারের ভেতরেই তার বিচার চলছে।
গত বছরের ৯ মে দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেফতার করার পর দেশব্যাপী ব্যাপক সহিংসতা হয়। ওইদিন রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সামরিক বাহিনীর সদর দফতরে আক্রমণ চালায় একদল বিক্ষুব্ধ। এ ঘটনায় হওয়া মামলায় অভিযোগ করা হয়, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরানের সমর্থকরা ওইদিন সেনা সদরে হামলা চালায়। আর এর উস্কানিদাতা ছিলেন ইমরান। ঘটনার জেরে পিটিআইয়ের ওপর ব্যাপক দমন-পীড়ন শুরু হয়। এবার সেই মামলায় গ্রেফতার করা হলো ইমরান খানকে।
মঙ্গলবার পাকিস্তানের রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত ইমরানকে তলব করে। কিন্তু নিরাপত্তা-সংক্রান্ত কারণ দেখিয়ে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ ভিডিও লিংকে ইমরানের হাজিরার ব্যবস্থা করে। এ সময় পুলিশ ইমরানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তোলে। কিন্তু আদালত আদিয়ালা কারাগারে গিয়ে ইমরানের সঙ্গে কথা বলার নির্দেশ দেয়।
ইমরানকে গ্রেফতার দেখানোর আগে পিটিআই নেতা শাহ মেহমুদ কোরেশিকেও ৯ মের সহিংসতার ঘটনায় গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি ১৪ দিনের রিমান্ডে রয়েছেন।
এদিকে ন্যাব আদালত গতকাল রাষ্ট্রীয় উপহারের সংগ্রহশালা তোশাখানা সামগ্রীর দুর্নীতির মামলায় ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে অভিযুক্ত করে।
