গাজা বসবাসের অযোগ্য: জাতিসংঘ
গাজা বসবাসের অযোগ্য: জাতিসংঘ
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ১২:২৯ পিএম
গাজা বসবাসের অযোগ্য: জাতিসংঘ
তিন মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে ফিলিস্তিনের গাজা ‘বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে বলে উল্লেখ করেছে জাতিসংঘ। এ সংঘাতের সবচেয়ে বড় মূল্যটা দিতে হচ্ছে সেখানকার বেসামরিক বাসিন্দাদের।
ইসরায়েলের নির্বিচার হামলায় গাজার বেশির ভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, দেখা দিয়েছে খাবারের তীব্র সংকট, তৈরি হয়েছে দুর্ভিক্ষ পরিস্থিতি এবং ছড়িয়ে পড়ছে রোগবালাই। সব মিলিয়ে জাতিসংঘের ত্রাণসহায়তাবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস গতকাল শুক্রবার বলেন, ‘গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে’।
গ্রিফিথস বলেন, ‘গাজা একেবারেই বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সেখানে মানুষ প্রতিদিন অস্তিত্বের হুমকিতে পড়ছে, সারা বিশ্ব তা অবলোকন করেছে।’
সেখানে অচিরে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলেও সতর্ক করেছেন মার্টিন গ্রিফিথস। তিনি বলেন, ‘আমরা অব্যাহতভাবে অবিলম্বে যুদ্ধ বন্ধের আবেদন জানাচ্ছি।’ পাশাপাশি সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার প্রেক্ষিতে যুদ্ধের উত্তেজনা ছড়িয়েছে গোটা অঞ্চলে। তিন মাস পরও সংঘর্ষ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার সাধারণ নাগরিকদের বিরাট অংশ গৃহহীন হয়ে পড়েছে।
