Logo
Logo
×

আন্তর্জাতিক

জার্মানিতে পদব্রজী দলকে অবৈধ অভিবাসনপ্রত্যাশী বলে পুলিশে অভিযোগ!

Icon

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৫:২৭ পিএম

জার্মানিতে পদব্রজী দলকে অবৈধ অভিবাসনপ্রত্যাশী বলে পুলিশে অভিযোগ!

বিষয়টি একটু অদ্ভুত। বিব্রতকরও বটে। জার্মানিতে সেই দিনটি অন্য আর দশদিনের মতো ছিল না। সাংবাদিক রিহাম আকোসা ছুটির দিনে গিয়েছিলেন পদব্রজে।

ঘটনাটি নভেম্বরের শুরুর দিকের। জার্মানির পূর্বাঞ্চলীয় স্যাক্সোনি রাজ্যের স্যাক্সোন সুইজারল্যান্ডে পর্বতময়, গাছগাছালি ঘেরা অঞ্চলের ভেতর দিয়ে একটি দলের সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন তিনি।

কিন্তু ভ্রমণ শেষে হোটেলে ফিরে আসতেই দেখেন, পুলিশ তাদের জন্য অপেক্ষা করছে।

কেউ একজন পুলিশকে ফোন করে একদল বিদেশিকে দেখতে পাওয়ার কথা বলেছিলেন। বিদেশিদের এই দলটি সম্ভবত কাছের চেকিয়া অঞ্চল থেকে অবৈধভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা করছিল বলে পুলিশের কাছে অভিযোগ করেন ওই ব্যক্তি।

অথচ সাংবাদিক রিহাম পদব্রজে গিয়েছিলেন জার্মানির একটি নিবন্ধিত হাইকিং ক্লাবের সঙ্গে। যার সদস্যরা বেশির ভাগই জার্মানিতে বাস করা সিরীয়। আর সাংবাদিক রিহামও রয়টার্সের পুরস্কার বিজয়ী একজন সাংবাদিক।

তিনি সিরিয়া থেকে আসলেও একজন জার্মান নাগরিক। গ্র্যাজুয়েশন করেছেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে। গত ১০ বছর ধরে রিহাম বহু জার্মান এবং আমেরিকান পত্রিকায় কাজ করেছেন।

যে সিরীয় দলটির সঙ্গে তিনি হাঁটতে বেরিয়েছিলেন, তারা সবাই জার্মানিতে বৈধভাবে কাজ করে কিংবা পড়াশুনা করে। সিরীয়দের এই হাইকিং ক্লাবটি গত ৭ বছর ধরে বিভিন্ন পর্বত, জঙ্গল চষে বেড়াচ্ছে।

২০১৬ সালে মূলত সিরিয়ার একদল স্বেচ্ছাসেবক মিলে এই ক্লাব গঠন করার পর থেকেই হাইকিং করে আসছে।

হাইকিং দলের আয়োজক আয়হাম তাহান বলেন, সিরিয়ায় থাকার সময় সেখানকার গ্রামাঞ্চলের পরিবেশ উদঘাটনে যা করা হত, জার্মানিতে গত ৯ বছর ধরে থেকে ঠিক সে কাজটাই করার চেষ্টা চলছে। সেখানে এটা করা গেলে এখানে নয় কেন?, বলেন তিনি।

নভেম্বরে দলটি স্যাক্সোনি সুইজারল্যান্ডে দ্বিতীয়বারের মতো পদব্রজে গিয়েছিল। আকর্ষণীয় ওই পার্বত্য পর্যটন এলাকায় পাথুরে কাঠামোর গঠনবিন্যাস খতিয়ে দেখতে চারদিনের ট্রিপে যাওয়ার জন্য নাম লেখায় ৫৫ জন।

স্যাক্সোনি রাজ্যের পুলিশ বিবিসি-কে বলেছে, জার্মানির এক নাগরিক জরুরি ১১০ নাম্বারে ফোন করে আঞ্চলিক পুলিশকে জানায়, সীমান্তের কাছে ওই দলটিকে দেখা গেছে এবং দলটি সীমান্তের এপারে পাচার হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

আঞ্চলিক পুলিশ এ তথ্য পাওয়ার পর তা ফেডারেল পুলিশকে জানায়। এরপর ফেডারেল পুলিশ ওই অঞ্চলে কর্মকর্তাদেরকে পাঠায় টহল দেওয়ার জন্য। সেখানে গিয়ে পুলিশ কর্মকর্তারা হাইকিং দলটির দেখা পান।

এরপর দলের সদস্যদের সব কাগজপত্র খতিয়ে দেখে যখন পুলিশ প্রমাণ পায় যে, দলটি বৈধভাবেই জার্মানিতে থাকছে, তখন কর্মকর্তারা অভিযান শেষ বলে জানান।

জার্মানি অভিবাসন নিয়ে কতটা উদ্বিগ্ন এ ঘটনাই তা প্রমাণ করে। অভিবাসনপ্রত্যাশীদের বিরুদ্ধে জার্মানির নীতি কঠিন হতে থাকায় দেশটির বৈধ হাইকিং ক্লাবগুলোর কাজও এখন বিঘ্নিত হচ্ছে।

 

 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন