এক স্বামীর দাবিদার তিন স্ত্রী!
এক স্বামীর দাবিদার তিন স্ত্রী!
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:২০ পিএম
এক স্বামীর দাবিদার তিন স্ত্রী!
ঘরের সামনে বসে দুই নালী। দু’জনের দাবি, তাদের স্বামী এক জনই। আরও এক জনকে বিয়ে করেছেন তাদের স্বামী। তার দেখা মিলছে না। একি বিবাহ বিভ্রাট? না কি স্ত্রী বিভ্রাট?
এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কালনা মহকুমায়। কালনার ধর্মডাঙ্গার ওই ব্যক্তির নাম শুভঙ্কর হালদার। তিন নারী দাবি করলেন, তারাই শুভঙ্করের বিয়ে করা বউ। সবাই চাইলেন ‘স্ত্রীর মর্যাদা’।
শুক্রবার দুপুরে কালনার ধর্মডাঙ্গা এলাকায় শুভঙ্করের বাড়ির সামনে ধর্নায় বসেন দুই নালী। ধর্নায় বসা চামেলি হাওলাদার নামে এক জনের দাবি, তিনি শুভঙ্করের দ্বিতীয় স্ত্রী। প্রেম করে বিয়ে করেছিলেন তারা। কিন্তু বিয়ের পর স্বামী তার দায়িত্ব নেননি। বাপের বাড়ি চলে যেতে বাধ্য করা হয় তাকে। সেখানেই তিনি আছেন বিগত কয়েক বছর। কিন্তু পরে জানতে পারেন, তার স্বামী আগেও একটি বিয়ে করেছিলেন। সেই স্ত্রীর সঙ্গেও একই কাণ্ড ঘটিয়েছেন শুভঙ্কর। তাকেও রেখে এসেছিলেন বাপের বাড়ি। এই ভাবে তাকে বাপের বাড়ি রেখে তৃতীয় বিয়েও সেরে ফেলেন।
তবে তৃতীয় স্ত্রীর দাবি, তার সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন শুভঙ্কর। তারপর বেশ কয়েকবার টাকাও নিয়েছেন। তার দাবি, ‘হয় সব টাকা ফেরত দিন নয়ত, আমায় সসম্মানে ঘরে তুলুন।’ এই দাবি নিয়ে তিনিও শুক্রবার শুভঙ্করের বাড়ির সামনে বসে পড়েন।
দ্বিতীয় স্ত্রী চামেলি বলেন, ‘আমি বিয়ের আগে কিছু জানতাম না। আমায় কিছু বলেনি। মাঝেমধ্যে কাজের নাম করে পালাত। হাতেনাতে প্রমাণ পেয়ে আজ ধরতে এসেছি।’ অন্যদিকে তৃতীয় স্ত্রীর দাবি, ‘ও কি কচি খোকা? আমার কাছে পাঁচ লাখ টাকা নিয়েছে। আমার আগে দু’জনকে বিয়ে করেছে। এখানে এসে আবার একটি মেয়েকে ফাঁসানোর তালে আছে। আমার কাছে সব প্রমাণ আছে।’
যদিও অভিযুক্ত শুভঙ্করের দাবি, তাকে ফাঁসানো হচ্ছে। তার কথায়, ‘আমার আগে কোনও বিয়ে হয়নি। যে নারী আমার দ্বিতীয় বৌ বলে দাবি করছে, সে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মামলা করেছিল। আর তৃতীয় স্ত্রী বলে যে দাবি করছে, সে আমায় ফাঁসিয়েছে। আমার মতো আরও অনেককে ও ফাঁসিয়েছে। আমার টাকা-গাড়ি, সব হাতিয়ে নিয়েছে।’
এসব নিয়ে প্রথম পক্ষের স্ত্রী অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি।
এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রদীপ মণ্ডল জানান, তৃতীয় স্ত্রী বলে যিনি দাবি করছেন, তার কাগজপত্র দেখে কিছু পরিষ্কার হচ্ছে না। তিনি বলেন, ‘ওরা প্রশাসনের কাছে যাক।’
সূত্র: আনন্দবাজার
