Logo
Logo
×

খেলা

ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে, জানিয়ে দিয়েছে আইসিসি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম

ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে, জানিয়ে দিয়েছে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে—এমন বার্তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন–ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, গতকাল আইসিসি ও বিসিবির মধ্যে একটি ভার্চ্যুয়াল বৈঠক হয়। সেই বৈঠকে আইসিসি স্পষ্ট করে জানিয়ে দেয়, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার অনুরোধ তারা মানতে পারবে না। আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতেই হবে। না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে।

তবে বিসিবির বক্তব্য ভিন্ন। তাদের দাবি, বৈঠকে আইসিসির পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আলটিমেটাম দেওয়া হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত আইসিসি বা বিসিবি কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি। ২০ দলের এই টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং চলবে ৮ মার্চ পর্যন্ত। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে। গ্রুপ পর্বে বাংলাদেশের বেশ কয়েকটি ম্যাচ ভারতের বিভিন্ন শহরে নির্ধারিত।

এই পরিস্থিতির পেছনে সাম্প্রতিক একটি ঘটনা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আইপিএল নিলামে দল পেলেও পরে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ আসে। এরপর নিরাপত্তার প্রশ্ন তুলে বিসিবি জানায়, তারা ভারতে দল পাঠাতে রাজি নয়।

বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সরকার যদি অনুমতি দেয়, তবেই ভারতে গিয়ে খেলা সম্ভব। এখন আইসিসির অবস্থান চূড়ান্ত হলে পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই দেখার বিষয়।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন