ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরাতে আইসিসিকে চিঠি বিসিবির
ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি জানিয়েছে, ‘নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়।’ যে কারণে ভেন্যু সরিয়ে নিতে আবেদন করেছে বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে ভারতের সঙ্গে যৌথ আয়োজক শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তানের সঙ্গে বিরোধের জেরে তাদের সব ম্যাচই লঙ্কান ভেন্যুতে নির্ধারিত হয়েছে।
আলোচনাটা গতকাল মোস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পরই জোরালো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, ভেন্যু পরিবর্তন করতে তাঁরা আজ আইসিসিকে চিঠি লিখবেন। আজও বিসিবির সভা হয়েছে। সেই সভা শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জানিয়েছেন, ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে চিঠি দেওয়া হয়েছে।
সূচি অনুযায়ী এবারের বিশ্বকাপে বাংলাদেশের তিন ম্যাচ হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেনসে ও একটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতে ম্যাচ খেলা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ঝুঁকিপূর্ণ বলে বক্তব্য এসেছে বাংলাদেশ সরকারের একাধিক উপদেষ্টার পক্ষ থেকে।

