মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা
বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ মৌসুমে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তীব্র সমালোচনার মুখে পড়েছে। এই সিদ্ধান্ত ঘিরে ক্রিকেট মহলে শুরু হয়েছে বিতর্ক, যেখানে খেলাধুলোর সঙ্গে রাজনীতির প্রভাব নিয়ে উঠছে প্রশ্ন।
ভারতের সাবেক বিশ্বকাপজয়ী পেসার মদন লাল বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। ইন্ডিয়া টুডে-কে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ক্রিকেটে রাজনীতির অনুপ্রবেশ দিন দিন ভয়ংকর হয়ে উঠছে এবং এর খেসারত দিচ্ছেন ক্রিকেটাররাই।
মদন লাল বলেন, বিসিসিআই এমন সিদ্ধান্ত নিচ্ছে কারণ তাদের প্রশ্ন করার কেউ নেই। বোর্ডকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। খেলাধুলোর মধ্যে রাজনীতি ঢুকে পড়া অত্যন্ত দুঃখজনক। এতে খেলোয়াড়দেরই সামনে ঠেলে দেওয়া হয়। খেলাধুলোর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, সেটাই এখন বড় প্রশ্ন।
উল্লেখ্য, ৩০ বছর বয়সী মোস্তাফিজুর রহমানকে আইপিএল মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কেকেআর, যা তাকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটারে পরিণত করে। তবে নিলামের পর থেকেই বিষয়টি ঘিরে বিতর্ক তৈরি হয়।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ক্ষমতাসীন বিজেপির কয়েকজন নেতা ও কিছু ধর্মীয় নেতা কেকেআর ও এর মালিক বলিউড অভিনেতা শাহরুখ খানের সমালোচনা করেন। তাদের অভিযোগ ছিল, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেও কেন একজন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেওয়া হলো।
এদিকে বিজেপি নেতা সঙ্গীত সোম সম্প্রতি প্রকাশ্যে শাহরুখ খানকে ‘গদ্দার’ বলে আক্রমণ করেন। ধর্মীয় নেতা দেবকীনন্দন ঠাকুরও মোস্তাফিজকে দলে নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন।
সব মিলিয়ে মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের সিদ্ধান্ত ক্রিকেটের বাইরের রাজনৈতিক ও আদর্শিক চাপ কতটা প্রভাব ফেলতে পারে, সেই বাস্তবতাই নতুন করে সামনে এনেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

