আইপিএল থেকে বাদ পড়লেন পেসার মোস্তাফিজুর রহমান
আইপিএল ২০২৬ শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে বড়সড় পরিবর্তনের আভাস মিলেছে। দলের হয়ে খেলার কথা থাকলেও, বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
শনিবার এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই-এর সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি জানান, সাম্প্রতিক নানা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বোর্ড থেকে কেকেআর কর্তৃপক্ষকে মোস্তাফিজকে স্কোয়াড থেকে ছাড়ার সুপারিশ করা হয়েছে।
দেবজিৎ সাইকিয়া বলেন, ‘বিষয়টি নিয়ে কেকেআরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তার কথায় ইঙ্গিত পাওয়া যায়, বোর্ডের দৃষ্টিভঙ্গি থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ফ্র্যাঞ্চাইজির পছন্দের ওপর নির্ভর করছে না।
ফলে ২০২৬ আইপিএল মৌসুমে রেকর্ড মূল্যে দলে জায়গা পেয়েও মাঠে নামা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। এই অবস্থায় কেকেআর চাইলে মোস্তাফিজের পরিবর্তে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে বলে জানিয়েছে বিসিসিআই।
বোর্ডের এই সিদ্ধান্তের পেছনে আন্তর্জাতিক অঙ্গনের সাম্প্রতিক কিছু ঘটনার প্রভাব রয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে সেই ঘটনার বিস্তারিত কিছু এখনো প্রকাশ করা হয়নি।
এই সিদ্ধান্ত কেকেআর-এর বোলিং লাইনআপে বড় ধরণের প্রভাব ফেলবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। মোস্তাফিজের মতো একজন অভিজ্ঞ ও কার্যকর ডেথ ওভার বোলারকে হারানো দলের পরিকল্পনায় বড় পরিবর্তন ডেকে আনতে পারে।
এখনো আনুষ্ঠানিকভাবে মোস্তাফিজ কিংবা কেকেআর—কেউ এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। আসন্ন মৌসুমের আগে এমন সিদ্ধান্ত কেবল কেকেআর নয়, পুরো আইপিএল নীতিমালার দিকেই এক নতুন দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিচ্ছে।

