বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনের পর দেশে ফিরেই ক্ষোভ ঝেড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বুধবার সংবাদ সম্মেলনে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, এবারের বিসিবি নির্বাচন কোনোভাবেই স্বচ্ছ বা গণতান্ত্রিক ছিল না। তার ভাষায়, “এটা কোনো নির্বাচনই ছিল না।”
তামিম ইকবাল বলেন, আমার বক্তব্য পরিষ্কার। আমি নির্বাচন চেয়েছি, সিলেকশন নয়। যেভাবে সবকিছু ঘটেছে, তাতে এটা নির্বাচন বলা যায় না। আমি দেশের বাইরে ছিলাম, তাই ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম। পরে মিডিয়ায় দেখি, আমার ভোট নাকি কাস্ট হয়েছে—এটা সম্পূর্ণ ভুল। আমি সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্ট দিই এবং নির্বাচন কমিশনকে ই-মেইল করি। গতকাল তারা আমাকে জানিয়েছে, আমার ভোট আদৌ কাস্ট হয়নি।
তামিম ইকবাল প্রশ্ন তোলেন ই-ভোটিং প্রক্রিয়া নিয়েও। তিনি বলেন, আমি যতদূর জানি, নির্বাচনে ৪২ বা ৪৩টি ভোট কাস্ট হয়েছে, যার মধ্যে ৩৪টিই ই-ভোট। অথচ এই ৩৪ জন ভোটার সেদিন ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন! আপনি যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেন্টারে আছেন, তখন ই-ভোটিংয়ের প্রয়োজনটা কী? যারা নির্বাচিত হয়েছেন, তাদের প্রায় সবাই এইভাবে ই-ভোট দিয়েছেন। এতে কি কিছু প্রমাণিত হয় না?
বাংলাদেশের সাবেক এই দেশসেরা ওপেনার বলেন, আমি একা নির্বাচন করলেও পাস করতাম। কিন্তু আমি চেয়েছিলাম সঠিক প্রক্রিয়ায় নির্বাচন হোক। আমি নির্বাচন চেয়েছি, সিলেকশন নয়।
