টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল পাকিস্তান। শুক্রবার যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় এমন পরিণতি হলো পাকিস্তানের।
পয়েন্টের দিক থেকে এগিয়ে থাকায় সুপার এইটে চলে গেল স্বাগতিক যুক্তরাষ্ট্র।
বাবর আজমের দল এমনিতেই টানা দুই ম্যাচ হেরে খাদের কিনারায় ছিল। আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ পরিত্যক্ত হওয়ায় চূড়ান্ত ধাক্কাটা আসে। ফল হিসেবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো পাকিস্তানকে।
আর বিপরীতে আয়ারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে সুপার এইটে জায়গা করে নিল যুক্তরাষ্ট্র। ৪ ম্যাচ থেকে ৫ পয়েন্ট তাদের। অন্যদিকে ৩ ম্যাচে ২ পয়েন্ট পাকিস্তানের। শেষ ম্যাচ জিতলেও যুক্তরাষ্ট্রকে ছুঁতে পারবে না তারা।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়ার কথা ছিল আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্র =ম্যাচ। তবে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। চার দফা মাঠ পরিদর্শন করেন ম্যাচ অফিসিয়ালরা। শেষ পর্যন্ত মাঠ খেলার জন্য উপযুক্ত না হওয়ায় কোনো বল মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হয়ে যায় ম্যাচটি।
