Logo
Logo
×

খেলা

বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৪, ০৩:১৪ এএম

বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়

ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। তবে প্রথম উইকেট পড়ার পর মাত্র ৪২ রান তুলতে পারে বাংলাদেশ। এতে স্কোর দাঁড়ায় ১৪৩ রানে। জিম্বাবুয়ে ১৪৪ রানের সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রানে হেরেছে। আর তাই টানা চার জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৪৩ রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে নির্ধারিত ১৯.৪ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। 

রান তাড়া করতে নেমে খাতা খোলার আগেই তাসকিনের বলে আউট হন বেনেট। তিনে নামা সিকান্দার রাজাকেও বোল্ড করেন এ পেসার। রাজা করেন ১৭ রান। আরেক ওপেনার তাদিওয়ানশে মারুমানিকে আউট করেন সাকিব। তিনি করেন ১৪ রান। রিশাদের বলে মাদান্দে ১২ রানে আউট হলেও হাল ছাড়েনি জিম্বাবুয়ে। দলের হয়ে পাল্টা আক্রমণ শুরু করেন জনাথন ক্যাম্পবেল ও রায়ান বার্ল। দুজনের ৩৫ রানের জুটিতে ম্যাচে ফিরে আসে তারা। তবে বার্ল ১৯ রানে আউট হলে আবার ধাক্কা খায় সফরকারীরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করে সাকিবের বলে আউট হন ক্যাম্পবেল। শেষ ওভারে জম্বাবুয়ের প্রয়োজন ছিল ১৪ রান। সাকিবের করা ওভারের তৃতীয় বলে ছয় হাঁকান মুজারাবানি। তিন বলে ৭ প্রয়োজন, এমন পরিস্থিতিতে পরপর দুই বলে ২ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচ জেতান সাকিব। তিনি চারটি, মুস্তাফিজুর তিনটি, তাসকিন দুটি এবং রিশাদ একটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। আগেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ এ ম্যাচে ৩ পরিবর্তন নিয়ে খেলতে নামে। দলকে ব্যাট হাতে ভালো শুরু এনে দেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার।

তবে তামিম আউট হওয়ার পর শুরু হয় উইকেটের মিছিল। সৌম্য সরকার ৪১ রান করে লুক জংউইয়ের বলে এলডব্লিউ হন। তিনি এই রান তোলেন ৩৪ বলে।  আর প্রতিদিনের মতো তাওহীদ হৃদয় আক্রমণাত্মক মেজাজেই ব্যাট করতে শুরু করেন। কিন্তু ৮ বলে ১২ রান করে বিদায় নেন সিকান্দার রাজার ওভারে। তখন দলীয় রান ১২১।

এবার দীর্ঘদিন পর জাতীয় দলে সাকিব আল হাসান ৩ বলে ১ রান করে ব্রায়ান বেনেতের শিকারে পরিণত হন। ওই ওভারেই বেনেতের শিকার হন নাজমুল। এ সিরিজজুড়েই ফর্মহীনতায় ভুগতে থাকা নাজমুল ৭ বলে করেন মাত্র ২ রান।

এরপর জাকের আলি অনিক, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন দাঁড়াতেই পারেননি। রিশাদ আউট হওয়ার সময় স্কোরবোর্ডে বাংলাদেশের রান ৮ উইকেটে ১৩২। বাংলাদেশ ১৯.৫ ওভারে ১৪৩ রানে অল আউট হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন