মেসির ৫ এ্যাসিস্ট ও ১ গোলের সাথে সুয়ারেজের হ্যাটট্রিকে মিয়ামির বড় জয়
আউটলুক ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৪, ১০:৫১ পিএম
লুইস সুয়ারেজের হ্যাটট্রিক আর লিওনেল মেসির পাঁচ এ্যাসিস্ট ও এক গোল। সঙ্গে বদলি নামা মাতিয়াস রোহাসের দুই গোল। নিউ ইয়র্ক রেড বুলসকে শনিবার মেজর লিগ সকারে ৬-২ ব্যবধানে বিধ্বস্ত করেছে ইন্টার মিয়ামি। এর আগে ইন্টার মায়ামির জালে ১ গোল দিয়ে যেন মৌমাছির চাকে ঢিল মেরেছিল নিউইয়র্ক রেড বুলস। মিয়ামির সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
এর আগে মার্চে মেসিবিহীন মিয়ামি রেড বুলসের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। কাল বড় জয়ে নিউইয়র্কের বিপক্ষে মধুর প্রতিশোধও নিয়ে নিলো মিয়ামি। আর মেসির পাঁচ এ্যাসিস্ট এমএএলএসএর কোনো ম্যাচে একটি নতুন রেকর্ড। এবারের মৌসুমে এ নিয়ে আট লিগ ম্যাচে ১০ গোল ছাড়াও ১২টি এ্যাসিস্ট করলেন আর্জেন্টাইন সুপারস্টার।
পুরো ম্যাচে মেসি ও সুয়ারেজের দুর্দান্ত কেমিস্ট্রি দেখেছে মিয়ামি সমর্থকেরা। বার্সেলোনার সাবেক দুই সতীর্থ যেন তাদের পুরনো দিনে ফিরে গিয়েছিলেন। রেড বুলসের জন্য এই দুজনকে প্রতিরোধ করা অসম্ভব হয়ে গিয়েছিল।
