ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আগামীকালের মধ্যেই টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলোকে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে হবে। এ জন্য গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি আজ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল নির্বাচন করে ফেলেছে। বিসিবিকে তা জানিয়েও দেওয়া হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে আইসিসিতে পাঠানোর অপেক্ষা।
আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী, আগামী ১ মের মধ্যে আইসিসিতে ১৫ সদস্যের দল পাঠাতে হবে। তবে আগামী ২৪ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। এতে কোনো শর্তের প্রয়োজন হবে না। তাই বিসিবির নির্বাচক কমিটি দেড় বছর পর জাতীয় দলে ফেরা সাইফউদ্দিনকে দলে রাখার ঝুঁকিটা নিতে চাইছে। সঙ্গে রাখা হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহকে। সর্বশেষ বিপিএলে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাইফউদ্দিনকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পর্যবেক্ষণ করা হবে। তাতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারলে ১৫ জনের দলের একজন হয়ে এই পেস বোলিং অলরাউন্ডারের বিশ্বকাপের বিমানে ওঠাটা প্রায় নিশ্চিতই বলা যায়।
আর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহ যে থাকবেন, সেটা অনেকটা নিশ্চিত। বিপিএলে ভালো খেলেছেন, সেই ধারা ধরে রেখেছেন ৫০ ওভারের প্রিমিয়ার ক্রিকেট লিগেও। গত মাসে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও খেলেছেন ৩১ বলে ৫৪ রানের একটি ইনিংস। সব মিলিয়ে মাহমুদউল্লাহ বিশ্বকাপের ১৫ জনের দলে থাকা নিয়ে কোনো সংশয় নেই বলেই জানা গেছে।
আগামী মাসের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই দলে থাকা অধিকাংশ ক্রিকেটার জায়গা পেতে পারেন বিশ্বকাপ দলে।
