সোমবার রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ যেমন ব্যাটিং করেছে তা টি-টোয়েন্টি ক্রিকেটকেই নিয়ে গেছে অন্য পর্যায়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের কোনোপ্রকার পাত্তা না দিয়ে ২৮৭ রানের পাহাড়সম এক স্কোর দাঁড় করায় সানরাইজার্স হায়দরাবাদ। যেকোনো পর্যায়ের টি-টোয়েন্টি ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। এরচেয়ে বেশি আছে কেবল নেপালের ৩১৪ রান, মঙ্গোলিয়ার বিপক্ষে। টি টোয়েন্টি ইতিহাসের একমাত্র তিনশো প্লাস ইনিংস সেটি।
হায়দরাবাদের ২৮৭ রানের জবাবে ২৬২ পর্যন্ত করতে পারে বেঙ্গালুরু। পরাজয়ের ব্যবধান মাত্র ২৫ রানের। এমন অবিশ্বাস্য ম্যাচ দেখে দর্শকরাও আপ্লুত। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মাতামাতি, বিশেষ করে হায়দরাবাদের ব্যাটিং নিয়ে। চলতি আসরে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৭৭ রান ছিলো হায়দরাবাদেরই। যা এদিন পেরিয়ে নিজেদের রেকর্ড নতুন করে লিখেছে দলটি। চিন্নাস্বামীতে স্বাগতিক বেঙ্গালুরুর সমর্থকরাও দাঁড়িয়ে করতালি দিতে বাধ্য হয় এমন পারফরমেন্সে।
পুরো ম্যাচে মোট ৪১টি বাউন্ডারি হাঁকিয়েছে হায়দরাবাদের ব্যাটাররা। আইপিএলে এরচেয়ে বেশি বাউন্ডারি হাঁকানোর ঘটনা ঘটেছে কেবল একবারই। ২০১৩ সালের সেই ম্যাচে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে বেঙ্গালুরু হাঁকিয়েছিল ৪২ বাউন্ডারি। যার মধ্যে ৩০টিই এসেছিল ক্রিস গেইলের ব্যাট থেকে।
সোমবার রাতে এমন ধংসাত্মক ইনিংসের পেছনে বড় কারিগর ছিলেন ট্রাভিস হেড। ৪১ বলে তিনি করেছেন ১০২ রান। আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন তিনি। বেঙ্গালুরুর বোলারদের ওপর ট্রাভিস হেড-হেনরিখ ক্লাসেনরা ঠিক কতটা চড়াও হয়েছেন, তা পরিষ্কার হয় আরেক পরিসংখ্যানে। প্রতি দুই বাউন্ডারির মাঝে ব্যবধান ছিল গড়ে ১.৭৬ বল। ইনিংসে ২২টি ছক্কা মেরেছে হায়দরাবাদ। প্রতি ছক্কায় বলের ব্যবধান ছিল গড়ে ৩.৮০। আইপিএলের ইতিহাসে এত ধারাবাহিকভাবে ছক্কা হাঁকানোর নজির আর নেই। স্বাভাবিকভাবেই এই ইনিংসের মাধ্যমে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর নজির গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ছিল বেঙ্গালুরুর ২১ ছক্কা।
