Logo
Logo
×

খেলা

যে চরম পরিণতির মুখোমুখি বিশ্ব ক্রিকেট

Icon

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০৬:২২ এএম

যে চরম পরিণতির মুখোমুখি বিশ্ব ক্রিকেট

প্রতীকী ছবি

১৮ এপ্রিল থেকে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড দল। দুই দলের জন্যই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ এটি। এই সিরিজ আমাদেরকে বেশকিছু সত্যের মুখোমুখি দাঁড় করাচ্ছে। 

বিষয়টি খোলাসা করা যাক। নিউজিল্যান্ড দল পাকিস্তানের বিপক্ষে খেলবে তাদের মূল ৯ জন খেলোয়াড়কে ছাড়াই। তাদের মধ্যে আটজন ব্যস্ত আছেন আইপিএলে, আরেকজন ইনজুরিতে। পাকিস্তান সফরের জন্য নিউজিল্যান্ডের ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডে নেই রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার, ড্যারিল মিচেল, ট্রেন্ট বোল্টের মত তারকারা। ডেভন কনওয়ে ইনজুরিতে আছেন, তবে ফিট থাকলে শুরু থেকেই আইপিএলে দেখা যেত তাকে। 

এই সিরিজে অধিনায়কত্ব করবেন এক বছর পর দলে ফেরা মাইকেল ব্রেসওয়েল, যিনি সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৩ সালের মার্চে। অথচ নিউজিল্যান্ডের জন্য এটি টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ। অর্থাত আইপিএলের জন্য আন্তর্জাতিক সিরিজকে অনেকটা জলাঞ্জলিই দিচ্ছে নিউজিল্যান্ড বোর্ড।

গত কয়েক বছরে দেখা গেছে, অনেক ক্রিকেটারই বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বেরিয়ে গেছেন নিজ ইচ্ছায়। লক্ষ্য একটাই, সুবিধামতো ফ্র্যাঞ্চাইজ লিগ খেলা। এই যেমন নিউজিল্যান্ডের জিমি নিশাম ও ট্রেন্ট বোল্ট বোর্ডের সঙ্গে চুক্তিতে নেই। তারা বোর্ড থেকে বেতন নেন না। তাই সুবিধামতো অনেক আন্তর্জাতিক সিরিজ থেকে নিজেদের সরিয়ে নেন। তখন তারা খেলেন  আইপিএলের মতো আসর। 

এতেই বোঝা যায় আন্তর্জাতিক ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজ লিগের প্রভাব এখন কত বেশি। পাকিস্তানের খেলোয়াড়দের আইপিএলে খেলার ওপর নিষেধাজ্ঞা না থাকলে হয়তো তারাও একটি দ্বিতীয় সারির দল খেলাতে বাধ্য হতো। 

বছরের শুরুর দিকটায় অর্থাৎ মার্চ থেকে মে মাস পর্যন্ত বেশ লম্বা স্লটে চলে আইপিএল। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে এই সময়ে বড় দেশগুলো যথাসম্ভব তাদের আন্তর্জাতিক ম্যাচ না রাখার চেষ্টা করে। যদি পূর্বঘোষিত সূচি থাকে তাহলে সেখানেও এখন দ্বিতীয় সারির দল খেলায়। ছয়/সাত বছর আগেও চিত্রটা ছিলো ভিন্ন। দেশের পক্ষে খেলার জন্য আইপিএল ছেড়ে চলে আসতো খেলোয়াড়রা। কিন্তু এখন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের দাপটে বোর্ডগুলো খেলোয়াড়দের চাপ দিতে পারছে না। 

একটু পেছনে ফেরা যাক, গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার আনকোরা এক টেস্ট দল। নেপথ্যে ছিল প্রোটিয়াদের এসএ টোয়েন্টি লিগ। টেস্ট অধিনায়ক করে পাঠিয়েছিল নিল ব্র্যান্ডকে, যার তখনো আন্তর্জাতিক অভিষেকই হয়নি। সাথে ছিল আরও ৭ জন ক্রিকেটার যারাও এর আগে খেলেননি আন্তর্জাতিক ক্রিকেট। টেস্টের মতো বনেদী ফরম্যাটে প্রোটিয়াদের এমন অনভিজ্ঞ দল পাঠানোর কারণ ছিল টেস্ট সিরিজের সাথে মাল্টি মিলিয়ন টুর্নামেন্ট এসএ টোয়েন্টির সাংঘর্ষিক সূচি। 

২০২২ সালে দক্ষিণ আফ্রিকার রাবাদা-নরকিয়া-এনগিদি-ইয়ানসেনরা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে খেলেছিলেন আইপিএলে। সেসময়ের প্রোটিয়াদের পারিশ্রমিক কাঠামো অনুযায়ী কেন্দ্রীয় চুক্তির শীর্ষে থাকা একজন ক্রিকেটার সর্বোচ্চ আয় করতেন ৩ লাখ মার্কিন ডলার। আইপিএলের এক মৌসুম খেলে সেবার রাবাদা যে অর্থ পেয়েছিলেন, সেটা বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে পেতে সময় লাগত কমপক্ষে ছয় বছর। যে কারণে আইপিএলের বাস্তবতাকে মেনে নিয়েছে অনেক বোর্ডই। 

এই পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ থেকে ক্রিকেটের ভবিষ্যতের একটা চিত্র পাওয়া যায়। 

১. দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজগুলোতে আগের মতো আকর্ষণ থাকবে না। তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি থাকবে চোখে পড়ার মতো।
২. ওয়ানডে সিরিজ হবে হাতো গোনা অল্প কিছু। 
৩. আনকোরা খেলোয়াড়দের নিয়ে হবে টেস্ট সিরিজ। 
৪. বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাবে তারকা খেলোয়াড়রা।
৫. দেশের হয়ে খেলতে বাধ্য করতে পারবে না বোর্ডগুলো।
৬. আইপিএলের মতো লিগগুলোই ক্রিকেটের ভবিষ্যত।

দর্শকরা যত তাড়াতাড়ি এমন বাস্তবতা মেনে নেবেন তাদের জন্য ক্রিকেট তত বেশি উপভোগ্য হবে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন