হাসারাঙ্গার ‘চালাকি’ নিয়ে যা বলছে এসএলসি
হাসারাঙ্গার ‘চালাকি’ নিয়ে যা বলছে এসএলসি
প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৪:৩৩ পিএম
হাসারাঙ্গার ‘চালাকি’ নিয়ে যা বলছে এসএলসি
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতেই টেস্ট থেকে অবসর প্রত্যাহারের ঘোষণা দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ঠিক তার পরদিন তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে আইসিসি। টি-২০ বিশ্বকাপের আগে শ্রীলংকার আর ম্যাচ না থাকায় এই টেস্ট সিরিজের মাধ্যমেই হাসারাঙ্গার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।
মূলত আম্পায়ারের সঙ্গে অসদাচরণের দায়ে শাস্তি পান হাসারাঙ্গা। ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার সঙ্গে তার নামের পাশে ৩টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়। ২ বছর ব্যাপ্তির মধ্যে ৮টি ডিমেরিট পেয়ে নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে এই বোলারকে। নিয়ম অনুযায়ী, দুটি টেস্ট বা চারটি ওয়ানডে বা চারটি টি-২০তে নিষিদ্ধ হচ্ছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের পর লংকানরা খেলবে বিশ্বকাপে। তাই টেস্ট দলে না ফিরলে বিশ্বকাপের চার ম্যাচ মিস করতেন লংকানদের টি-২০ অধিনায়ক। কিন্তু টেস্ট দলে নাম লিখিয়ে সেই বিপদ থেকেই বাঁচলেন হাসারাঙ্গা। এ কারণে অনেকেই বলেছেন, আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতেই অবসর ভাঙার নাটক করেছেন তিনি।
শেষ পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শ্রীলংকান ক্রিকেট বোর্ডের (এসএলসি) নির্বাচক প্যানেল। গত ১৬ মার্চই নাকি নিজের টেস্ট ক্যারিয়ারে ফেরার ইচ্ছের কথা জানিয়েছিলেন হাসারাঙ্গা। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এই তথ্য জানিয়েছে।
শ্রীলংকা ক্রিকেটের সূত্রে সেখানে বলা হয়, ফিটনেসের উন্নতি হয়েছে উল্লেখ করে ই-মেইলের মাধ্যমে টেস্টে ফেরার কথা জানিয়েছিলেন হাসারাঙ্গা। অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরতে চাওয়ার সঙ্গে তার নিষেধাজ্ঞা এড়ানোর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।
শ্রীলংকার নির্বাচক কমিটির সদস্য অজন্তা মেন্ডিস ক্রিকইনফোকে জানান, ‘প্রায় দুই সপ্তাহ আগে সে আমাদের বলেছে যে আবার টেস্ট খেলতে রাজি সে। আমরা জানি এখন ব্যাপারটি কেমন মনে হচ্ছে, তবে শেষ ওয়ানডের আগেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
উল্লেখ্য, সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দেবেন বলে গত বছরের মাঝামাঝি সময়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। অবসরের ঘোষণার আগে মোটে ৪ টেস্ট খেলেছিলেন তিনি।
