সিরিজ জয়ের লক্ষ্যে শ্রীলংকার বিপক্ষে নামছে বাংলাদেশ
সিরিজ জয়ের লক্ষ্যে শ্রীলংকার বিপক্ষে নামছে বাংলাদেশ
প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০৫:৩৩ পিএম
সিরিজ জয়ের লক্ষ্যে শ্রীলংকার বিপক্ষে নামছে বাংলাদেশ
এক ম্যাচ হাতে রেখেই শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।
প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতলেই ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। ২০২১ সালে দুই দলের সর্বশেষ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ।
প্রথম ম্যাচে ষষ্ঠ ওভারের মধ্যে ২৩ রানে ৩ উইকেট হারানোর পরও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অপরাজিত ১২২ রানের ইনিংসে জয়ী হয়ে বীরের বেশে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ৩৭ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হলেও অপরাজিত ৭৩ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
ওয়ানডে তৃতীয় সেঞ্চুরিতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন শান্ত। এতে শ্রীলংকার বিপক্ষে টানা দ্বিতীয় এবং শেষ ৭ ম্যাচে চতুর্থ জয় পায় বাংলাদেশ। আগের জয়টি এসেছিল বিশ্বকাপের মঞ্চে। যা ‘টাইমড আউট’ ঘটনার জন্য আলোচিত।
সব মিলিয়ে শ্রীলংকার বিপক্ষে ৫৫ ম্যাচের মধ্যে ১১টিতে জয় ও ৪২টিতে হেরেছে বাংলাদেশ। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে ওয়ানডে ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের আধিপত্যেরই প্রমাণ মেলে।
স্বাভাবিকভাবেই আগের ম্যাচের জয়ী একাদশে কোন পরিবর্তন করতে চাইবে না বাংলাদেশ। এজন্য টাইগারদের দ্বিতীয় ওয়ানডের একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। তবে সিরিজে টিকে থাকার জন্য দ্বিতীয় ওয়ানডের দলে পরিবর্তন আনতে পারে লঙ্কানরা।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলংকা স্কোয়াড: কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালংকা, পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, সাহান আরাসিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েল্লালাগে, আকিলা ধনঞ্জয়, চামিকা করুণারত্নে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মধুশান, লাহিরু কুমারা।
