বিশ্বকাপ জিততে আর্মির সঙ্গে ট্রেনিং বাবর-রিজওয়ানদের!
বিশ্বকাপ জিততে আর্মির সঙ্গে ট্রেনিং বাবর-রিজওয়ানদের!
প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ০২:৩৪ পিএম
বিশ্বকাপ জিততে আর্মির সঙ্গে ট্রেনিং বাবর-রিজওয়ানদের!
পাকিস্তানে চলছে দেশটির সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট পিএসএল। এক মাসব্যাপী এই টুর্নামেন্টটি চলবে ১৮ মার্চ পর্যন্ত। তবে এরপর বিশ্রামের জন্য এক সপ্তাহও সময় পাচ্ছেন না বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। ২৫ মার্চ থেকে শুরু হবে তাদের প্রশিক্ষণ। কুকুল সেনাবাহিনী ক্যাম্পে প্রশিক্ষণ নেবেন বাবর-রিজওয়ানরা। এপ্রিল মাসের ৮ তারিখ পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে ক্রিকেটারদের। বিশ্বকাপের কথা মাথায় রেখে এই প্রশিক্ষণের আয়োজন করেছে পিসিবি।
বাবর-রিজওয়ানদের এমন প্রশিক্ষণ দেবার কারণ সম্পর্কে জানা যায়, পিসিবির নবনিযুক্ত বোর্ড প্রধান মোহসিন নাকভি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কড়া নজর রেখেছেন। তার কাছে পাকিস্তানি ক্রিকেটারদের পারফরম্যান্স ভালো লাগেনি। ফলে ক্রিকেটারদের ফিটনেস অর্জনে কঠিন এই সিদ্ধান্ত নিলেন তিনি।
প্রশিক্ষণের ব্যাখ্যা দিয়ে পিসিবি প্রধান বলেন, ‘আমি যখন লাহোরে খেলা দেখছিলাম, আমার মনে হয় না তোমাদের মধ্যে (পাকিস্তানি ক্রিকেটার) কেউ গ্যালারিতে ছক্কা মেরেছো। যখনই এরকম কোনো ছক্কা মারা হয়েছে, আমার মনে হয়েছে বিদেশি কোনো খেলোয়াড় মেরেছে। আমি বোর্ডকে বলেছি খেলোয়াড়দের ফিটনেস বাড়াতে একটা পরিকল্পনা করতে। তোমাদের সবাইকে যথাযথভাবে চেষ্টা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘সামনে নিউজিল্যান্ড সিরিজ, তারপর আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমি বিস্মিত। ‘কবে আমরা ট্রেনিং করবো?’ কোনও সময় নেই। তবে আমরা একটি ফাঁকা সময় পেয়েছি, যখন আমরা কাকুলে (মিলিটারি অ্যাকাডেমি) ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল একটি ক্যাম্প আয়োজন করবো। পাকিস্তান আর্মি তোমাদের ট্রেনিংয়ে সংশ্লিষ্ট থাকবে, আশা করি তোমাদের সাহায্য করবে তারা।’
ছয় মাস ধরে টানা ক্রিকেট খেলতে হবে পাকিস্তানকে। তার আগে পিএসএল শেষে একটুখানি বিশ্রামের ফুরসত মিলেছিল। সেই সময়ে হবে কঠোর এই প্রশিক্ষণ। তাছাড়া ট্রেনিংয়ের জন্য নির্ধারণ করা সময়ে চলবে রমজান মাস। স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটার রোজা রেখে ট্রেনিং ক্যাম্পে কতটা ফুরফুরে থাকবেন, সেটাও ভাবার বিষয়।
পাকিস্তানের ক্রিকেটারদের জন্য আর্মি ট্রেনিং এটাই প্রথম নয়। ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট সিরিজের আগে কাকুল অ্যাকাডেমিতে আর্মিদের সঙ্গে ট্রেনিং ক্যাম্প করেছিল মিসবাহ উল হকের পাকিস্তান। প্রথম টেস্টেই অধিনায়ক করেন সেঞ্চুরি। তারপর পুশআপ ও আর্মি স্যালুট দিয়ে তার উদযাপন সবার নজর কাড়ে। সিরিজটি ড্র হয় ২-২ এ। পাকিস্তান টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষেও ওঠে।
