ফের কোচিংয়ে ফিরছেন জিদান?
প্রায় তিন বছর ধরে কোচিংয়ে নেই জিনেদিন জিদান। তার পরবর্তী ঠিকানা কোথায় হবে, তা নিয়ে মাঝেমধ্যেই শুরু হয় নানা জল্পনা-কল্পনা। নতুন গুঞ্জন আগামী মৌসুমে বায়ার্ন মিউনিখের ডাগআউটে দেখা যেতে পারে তাকে। ফরাসি কিংবদন্তি নিজেই এবার বললেন, কোচিংয়ে ফিরতে চান তিনি। যদিও ভবিষ্যৎ ঠিকানা নিয়ে কিছু বলেননি।
২০১৫-১৬ মৌসুমের মাঝামাঝিতে রিয়াল মাদ্রিদের দায়িত্ব দিয়ে শুরু হয় জিদানের কোচিং ক্যারিয়ার। পরের গল্পটা সবারই জানা। টানা তিন বার রিয়ালকে জেতান চ্যাম্পিয়নস লিগের শিরোপা। এক কোপা দেল রে বাদে স্প্যানিশ ক্লাবটিকে জিতিয়েছেন ক্লাব পর্যায়ের সব শিরোপাই। ২০১৮ সালে অনেকটা অভিমান করেই ছাড়েন রিয়ালের ডাগআউট। বছর খানেক পর আবারও অবশ্য ফিরেছিলেন সেই রিয়ালের ডাগআউটেই। তবে দুই মৌসুম কাটিয়ে আবারও নিজ থেকেই সরে দাঁড়ান রিয়ালের কোচের পদ থেকে।
এরপর থেকেই নানা ক্লাবের সাথে জুড়ে যাচ্ছে জিদানের নাম। কখনও বায়ার্ন মিউনিখ, কখনও ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়াও বিভিন্ন সময়ে নানা ক্লাবের সাথে গুঞ্জন থাকলেও এখন পর্যন্ত জিদান আছেন নিজের মতই। তবে সম্প্রতি তার সাবেক গুরু মার্সেলো লিপ্পিকে নিয়ে বানানো ডকুমেন্টেরিতে কথা বলতে গিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানান জিদান। 'যে কোনো কিছুই ঘটতে পারে। আমি এখন অন্য কাজে কিছুটা ব্যস্ত। ভবিষ্যতে কি হয় দেখা যাক কিন্তু আমি আবারও কোচিংয়ে ফিরতে চাই।'
ফ্রান্স জাতীয় দলকে কোচিং করানোর আগ্রহটাই বেশি জিদানের। তবে দিদিয়ের দেশমের অধীনে ফরাসিরা আছে দারুণ ছন্দে। গত বিশ্বকাপেও তারাছিল রানার্সআপ। তাই খুব সহজে যে জিদান সেই দায়িত্ব পাচ্ছেন না তা অনেকটাই নিশ্চিত। অন্যদিকে মৌসুম শেষেই বায়ার্ন মিউনিখ ছাড়তে যাচ্ছেন টমাস টুখেল। তাই বড় বড় গণমাধ্যমগুলো বায়ার্নের সম্ভাব্য কোচ হওয়ার ক্ষেত্রে এগিয়ে রাখছেন জিদানকেও।
