ব্যর্থতার খোলস ছেড়ে উড়ছেন সাকিব
ব্যর্থতার খোলস ছেড়ে উড়ছেন সাকিব
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৩ এএম
ব্যর্থতার খোলস ছেড়ে উড়ছেন সাকিব
ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপ থেকে ‘চোখের যন্ত্রণা’ রীতিমতো তাড়িয়ে বেড়িয়েছে সাকিব আল হাসানকে। যার কারণে দলের এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপকে বিদায় বলেছিলেন। এরপর তো নিউজিল্যান্ডের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে সিরিজ হাতছাড়া হয়েছে তার। এই সময়গুলোতে নিজেকে ফিট করে তুলতে দেশ-বিদেশি ছোটাছুটি করেছেন। তবুও যেন ব্যর্থতা কিছুতেই পিছু ছাড়ছিল না বিশ্বসেরা এ অলরাউন্ডারের।
চোখের সমস্যা থেকে পুরোপুরি ফিট হওয়ার আগেই দেশের মাটিতে গড়ায় বিপিএলের দশম আসর। যেখানে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু প্রথম ম্যাচেই ২ রানে আউট। যদিও বল হাতে দুই উইকেট পেয়েছিলেন। কিন্তু স্বস্তি খুঁজে পাচ্ছিলেন না। এজন্য পরের ম্যাচেই ছুটি নিয়ে সিঙ্গাপুরে উড়াল দেন। সেখানে চিকিৎসকের পরামর্শ নিয়ে দেশে ফেরেন। বিশ্রামের আগেই ফের রংপুরের হয়ে বাইশ গজে ফেরেন তিনি। কিন্তু ফলাফল শূন্য, ব্যাটে কাঙ্ক্ষিত রানের দেখা নেই।
সিলেট পর্বে খুলনার বিপক্ষে নেমে খেলেছেন ৪ বল, করেছেন ২ রান। তাতেই চিকিৎসা নিয়ে ফেরা সাকিবের ইনিংস শেষ। পরের দুই ম্যাচে তো ব্যাটিং অর্ডার পেছাতে পেছাতে একবারে তলানিতে। রংপুরের প্রথম ৬ ম্যাচে সাকিবের নামের পাশে ছিল ৪ রান এবং ৬ উইকেট। এমন ছন্দহীন পারফরম্যান্সে সেসময় তার শেষ দেখেছিলেন অনেকেই। তবে নামটি যে সাকিব, এত সহজেই হাল ছাড়েন কিভাবে?
দেশের ক্রিকেটাঙ্গনে একটি কথা প্রচলিত রয়েছে, দেওয়ালে পিঠ ঠেকলেই নাকি শক্তিশালী টর্নোডোর মতো ফিরে আসেন সাকিব। লোকমুখে প্রচলিত এই কথাটি মিথ্যে নয়, তার প্রমাণও দিয়েছেন তিনি।
এবারের আসরে প্রথম ৬ ম্যাচে স্রেফ নিজের ছায়া হয়ে থাকা সাকিব যেন মুহূর্তেই রঙ বদলালেন। বোলিংয়ে ঘূর্ণি দেখানোর পাশাপাশি তার ব্যাটে ফুটলো রানের ফোয়ারা। পরের ৬ ম্যাচে দৃশ্যপট একেবারেই বদলে গেল।
ব্যাট হাতে বাইশ গজে ঝড় তুলে ২৪৫ রানের পাশাপাশি বল হাতে ১১ উইকেট নিয়ে সাকিব পুষিয়ে দিলেন প্রথমার্ধের হতাশা। আসরের লিগ পর্ব শেষে ৯ ইনিংসে সাকিবের এখন ২৪৯ রান, বল হাতে ১১ ম্যাচে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৭ উইকেট। নজরকাড়া ১৬৮.২৪ স্ট্রাইকরেটের সঙ্গে ৬.২৩ ইকোনমি।
ব্যথর্তার বৃত্তে ঘুরতে থাকা সাকিবই এখন বিপিএলের ইম্প্যাক্টফুল খেলোয়াড়ের চূড়াতে। এমনকি চলমান বিপিএলে টুর্নামেন্টসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে তিনি।
বিপিএলে টুর্নামেন্টসেরার পুরস্কারটা অবশ্য যেন নিজের ‘সম্পত্তি’ বানিয়ে ফেলেছেন সাকিব। আগের ৯ বিপিএলের চারবারই হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্টে। শুধু পারফরম্যান্সেই নয়, তার নানা অভিব্যক্তি, উদযাপন আর উপস্থিতি যথেষ্ট বিনোদিতও করছে দর্শকদের।
চরম পেশাদারিত্বের খোলস থেকে বেরিয়ে সাকিব যেন কিছুটা খেয়ালি, কিছুটা সাধারণের সঙ্গে মিশে যাওয়ার প্রশ্রয়ী একজন। ভেতরে-বাইরের কোনো চাপ নেই, মিডিয়ার সঙ্গে তর্কাতর্কি নেই, দল বানানো ও একাদশ সাজানো নিয়ে কোনো কৌশলের কোনো দুশ্চিন্তা নেই– সবকিছু নিয়ে সাকিব যেন এবারের বিপিএলে খুব সুখী একজন।
আলোচনা-সমালোচনা যা-ই হোক, সময়-ব্যস্ততা যেমনই হোক—সাকিব আল হাসানের পারফরম্যান্সে মাঠের বাইরের ঘটনার প্রভাব সামান্যই। ১৮ বছর ধরে একই ছন্দে খেলে যাওয়ার রহস্যও এটাই। আর হয়তো সেজন্যই তার নামের পাশে যুক্ত হয়েছে ‘বিশ্বসেরার’ তকমা।
