বিদেশি ক্রিকেটারের সঙ্গে হাতাহাতি সোহানের
বিদেশি ক্রিকেটারের সঙ্গে হাতাহাতি সোহানের
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫১ পিএম
বিদেশি ক্রিকেটারের সঙ্গে হাতাহাতি সোহানের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আর বির্তক যেন হাত ধরাধরি করে চলে। তবে এবার ঘটে গেল এক লজ্জাজনক ঘটনা। টিম হোটেলে মারামারিতে জড়িয়েছেন নুরুল হাসান সোহানে। কুমিল্লার এক বিদেশী ক্রিকেটার ও রংপুর অধিনায়কের মাঝে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা।
চট্টগ্রামের র্যাডিসন হোটেলে উঠেছে বিপিএলের পাঁচটি দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও দুর্দান্ত ঢাকা। বলতে গেলে, দেশী-বিদেশী ক্রিকেটারদের মিলনমেলা হোটেলটিতে। ফলে পুরো হোটেলে যেন বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। তবে এরই মাঝে ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।
জানা গেছে, একটি ছোটখাটো বিষয় নিয়ে একজন ক্যারিবীয় ক্রিকেটারের সাথে হাতাহাতিতে জড়ান রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান। যদিও জানা যায়নি সেই ক্যারিবীয় ক্রিকেটারের নাম। দ্বন্দ্বে জড়ানোর কারণ মূলত হোটেল রুম। রংপুরের অধিনায়ক ভুল করে কুমিল্লার এক বিদেশী ক্রিকেটারে রুমে ঢুকে যান।
তখন প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সোহানের রুমে ঢুকে যাওয়ার বিষয়টি পছন্দ হয়নি। ফলে কটু মন্তব্য করে বসেন ওই ক্রিকেটার। যা হজম হয়নি সোহানের। ফলে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি পর্যন্ত চলে যায় বিষয়টি। যদিও পরিস্থিতি জটিল হওয়ার আগেই সোহানকে সরিয়ে নেন নিরাপত্তাকর্মীসহ অন্যরা।
বিষয়টি নিয়ে অবশ্য মুখ খুলেনি কোনো পক্ষ। নুরুল হাসান সোহান বা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও লাভ হয়নি।
তবে এই নিয়ে নিরাপত্তাবাহিনীর একজন জানান, ‘খেলার মাঝে ঝামেলা হলে স্পোর্টস শৃঙ্খলার মাঝে পড়ে। খেলার বাইরে কিছু হলে আমাদের সেগুলোর খোঁজ রাখতে হয়। কারণ বিপিএলে বিদেশী ক্রিকেটার খেলছেন। তাদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব থাকে। হোটেলে দুই ক্রিকেটারের মধ্যে যা কিছু হয়েছে, তা কোনো ঘটনাই না। কিন্তু ঘটনাটি না ঘটলে ভালো হতো। যেহেতু সোহানের ভুল হয়েছে, দুঃখ প্রকাশ করে চলে গেলেই হতো।’
