বিয়ের ৮ বছর পর স্ত্রীর চেহারা দেখালেন ইরফান
বিয়ের ৮ বছর পর স্ত্রীর চেহারা দেখালেন ইরফান
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৬ এএম
বিয়ের ৮ বছর পর স্ত্রীর চেহারা দেখালেন ইরফান
ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইরফান পাঠান। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও সুযোগ পেলেই মাঠের ক্রিকেটে নেমে পড়েন। কখনো আবার ধারাভাষ্য কক্ষেও তার কণ্ঠ শোনা যায়। সবমিলিয়ে বলা যায়- ক্রিকেটের সঙ্গেই নিজেকে জড়িয়ে রেখেছেন সাবেক এ তারকা অলরাউন্ডার।
২০১১ বিশ্বকাপ জয়ের পাঁচ বছর পর বিয়ের পিড়িতে বসেন ইরফান। তবে বিয়ের আট বছরেও স্ত্রী সাফা বেগকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখানোর সব পথ বন্ধ রেখেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার। জীবনসঙ্গীর সঙ্গে নিজের ছবি মাঝে মাঝেই দেন, কিন্তু সাফার মুখটা সবসময় ঢেকে দিতেন ইরফান।
শনিবার অষ্টম বিবাহ বার্ষিকীতে স্ত্রীর প্রতি ভালোবাসা বানাতে গিয়ে একটি ছবি পোস্ট করেছেন ইরফান। তবে সবাইকে চমকে দিয়েছে সে ছবি, কারণ এবার আর স্ত্রীর মুখ ঢেকে দেননি সাবেক বাঁহাতি পেসার।
ইরফান কেন স্ত্রীর ছবি ঢেকে দেন, এ নিয়ে অনেক আলোচনা হতো। কারণ, এর আগে কখনো ব্যক্তিগত জীবন লুকানোর চেষ্টা করতেন না তিনি। অস্ট্রেলিয়া প্রবাসী শিবাঙ্গী দেবের সঙ্গে ১০ বছরের সম্পর্কের কথা অনেকেই জানতেন। ২০১২ সালে তাদের বিচ্ছেদের পর ইরফানকে একটি টিভির নাচের রিয়েলিটি শোতে অংশ নিতেও দেখা গেছে।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি হায়দরাবাদে জন্ম নেয়া মডেল সাফা বেগকে মক্কায় বিয়ে করেছেন ইরফান। তাদের দুটি ছেলে আছে। গত আট বছর ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করছিলেন টেস্টের প্রথম ওভারে হ্যাটট্রিকের রেকর্ড গড়া এই পেসার।
গতকাল তাই ইরফানের এভাবে স্ত্রীর ছবি প্রকাশ করা আলোচনার জন্ম দিয়েছে। পোস্টে ইরফান সাফাকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘একজন মানুষ অগণিত ভূমিকা পালন করে-মন ভালো করার, হাসানোর, ঝামেলা পাকানোর, সার্বক্ষণিক সঙ্গী, বন্ধু এবং আমার সন্তানদের মা। এই সুন্দর যাত্রায়, তোমাকে স্ত্রী হিসেবে পেয়ে আমি ধন্য। আমার প্রিয়, শুভ অষ্টম বার্ষিকী।’
