যেভাবে ক্রিকেটের ইতিহাসে ‘টাঙ্গিওয়াই শিল্ড’ টেস্ট
যেভাবে ক্রিকেটের ইতিহাসে ‘টাঙ্গিওয়াই শিল্ড’ টেস্ট
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৬ পিএম
যেভাবে ক্রিকেটের ইতিহাসে ‘টাঙ্গিওয়াই শিল্ড’ টেস্ট
১৯৫৩ সালে নিউজিল্যান্ডে সংঘটিত মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার স্মরণে আগামীকাল থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। আর এই দুর্ঘটনার স্মরণে সিরিজের নাম দেওয়া হয়েছে ‘টাঙ্গিওয়াই শিল্ড’ নামে। এখন থেকে এই দুই দলের সব টেস্টে ৭০ বছর আগের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার স্মরণ করবে। যার যাত্রা শুরু হবে আগীমাকাল মাউন্ট মঙ্গানুই টেস্ট দিয়ে।
২৪শে ডিসেম্বর ১৯৫৩ সাল, জোহানেসবার্গের এলিস পার্কে একটি টেস্ট ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখী হয় নিউজিল্যান্ড। টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ডের আক্রমণাত্নক বোলিংয়ের মুখে ২৫৯ রানে ৮ উইকেট হারায় প্রোটিয়ারা। এতে প্রথম দিন শেষে ৮ উইকেট তুলে নেওয়ার আনন্দের সাথে বড় দিনের আনন্দ উদযাপনে ব্যস্ত ছিল ব্ল্যাক ক্যাপস'রা। কিন্তু হঠাৎই তাদের সেই আনন্দ রুপ নেয় তীব্র বিষাদে।
সে বছর ২৪ ডিসেম্বর, বড়দিনের আগের রাতে ২৮৫ জন যাত্রী নিয়ে নিউজিল্যান্ডের ওয়েলিংটন থেকে অকল্যান্ডগামী ট্রেন ওয়াংগাহু নদীর রেলসেতুর ওপর দিয়ে যাচ্ছিল। গন্তব্য ছিল টাঙ্গিওয়াই। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সেতু ধসে যায়। ট্রেনের কয়েকটি বগি বিচ্ছিন্ন হয়ে নদীতে পড়ে যায়। মর্মান্তিক দুর্ঘটনায় ১৫১ জন যাত্রী প্রাণ হারান। প্রাণ হারানো যাত্রীদের মধ্যে ছিলেন কিউইদের সাবেক পেসার বব ব্লেয়ারের বাগদত্তা নেরিসা লাভও।
বক্সিং ডেতে মাঠে নামার আগে এই দুর্ঘটনার খবর পায় নিউজিল্যান্ড। বাগদত্তাকে হারিয়ে ভেঙে পড়েন ব্লেয়ার। শোকে কাতর হয়ে তখন চলমান সেই টেস্টে আর অংশ না নেয়ার সিদ্ধান্ত নেন তিনি। পরের দিন উভয় দলের পতাকা অর্ধনমিত করে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়। খেলার দ্বিতীয় দিনের প্রথম ইনিংসেই ১৫৪ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে কিউইরা। এমন সময় হঠাৎ টানেল থেকে ব্যাটিংয়ের উদ্দ্যেশে বেরিয়ে আসেন ব্লেয়ার।
তার এই কান্ড দুই দলের ক্রিকেটারদের এবং দর্শকদের স্তম্ভিত করে দেয়। কেউই ভাবে নি যে মানুষটা আগের দিন তার ভালবাসার মানুষ কে হারিয়েছে সে পরের দিনই মাঠে খেলতে নেমে পড়বে। ব্যাটিংয়ে নেমে বার্ট সাটক্লিফের সাথে ৩৩ রানের জুটি গড়ে ইনিংস ১৮৭ রানে নিয়ে যান বব ব্লেয়ার। ব্লেয়ার আউট হওয়ার পর এলিস পার্কের দর্শকরা তাকে বিশাল একটি স্ট্যান্ডিং ওভেশন দেয়। ব্লেয়ারের ক্রিকেটের প্রতি এমন একনিষ্ঠতা সবার মন জয় করে নেয়। পাশাপাশি নিউজিল্যান্ড তথা ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে জায়গা করে নেয় এটি।
এই ঘটনাকে স্মরণ করেই এখন থেকে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের সব টেস্ট সিরিজের নাম হবে ‘টাঙ্গিওয়াই শিল্ড’। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট ওয়েনিঙ্ক সেই ম্যাচটি স্মরণ করে বলেছেন, ‘টেস্ট ম্যাচটির প্রেক্ষাপট সবচেয়ে দুঃখজনক, হৃদয়বিদারক এবং কল্পনাতীত গল্পগুলোর একটি। এটি অবিশ্বাস্য সাহস আর স্থিতিশীলতার ইতিবাচক এক গল্প এবং সাউথ আফ্রিকা দল ও দর্শকদের দিক থেকে সমবেদনা ও সহানুভূতির। ক্রিকেট ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অংশটি সঠিকভাবে স্বীকৃতি পেতে দেখে আমি আনন্দিত।’
নতুন এই ‘টাঙ্গিওয়াই শিল্ড’টি শিল্পী ডেভিড এনগাওয়াতি তৈরি করেছেন। যেই ট্রফিটি একটি ঢালের আকৃতিতে বানানো হয়েছে। এটি নিউজিল্যান্ডের স্থানীয় কাঠ 'পুরিরি' থেকে তৈরি করা হয়েছে। এতে টাঙ্গিওয়াই অঞ্চলে পাওয়া যায় এমন এক ধরণের পাথর 'পুনামু' থেকে তৈরি একটি ইনলাইড লাগানো রয়েছে।
