ব্যাটিংয়ে ফিরেই সাকিবের ‘গোল্ডেন ডাক’
ব্যাটিংয়ে ফিরেই সাকিবের ‘গোল্ডেন ডাক’
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৩ পিএম
ব্যাটিংয়ে ফিরেই সাকিবের ‘গোল্ডেন ডাক’
চোখের সমস্যা এখনো কাটিয়ে উঠতে পারেননি সাকিব আল হাসান। তবুও বিপিএলের খেলে যাচ্ছেন তিনি। মাঠের ক্রিকেটে থাকলেও চেনা ছন্দে নেই বিশ্বসেরা এ অলরাউন্ডার।
ছন্দে নেই বলে ব্যাটিংয়েও আসেননি সাকিব। বিষয়টি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। অবশেষে আজ সিলেটে দেখা গেল ব্যাটার সাকিবকে। যদিও তার ফেরাটা সুখকর হয়নি।
সিলেটে এখন বিপিএলের ম্যাচে খেলছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়েছে রংপুর। রংপুরের ব্যাটিং অর্ডারের চার নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন সাকিব। যখন তিনি নেমেছেন, তখন ফ্র্যাঞ্চাইজিটির স্কোর ৮.৩ ওভারে ২ উইকেটে ৫৮ রান। এসেই গোল্ডেন ডাক মেরেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
নবম ওভারের চতুর্থ বলেই সাকিবকে লেগ বিফরের ফাঁদে ফেলেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার হ্যারি টেক্টর। পরের বলে রংপুর রাইডার্স অধিনায়ক সোহান ব্যাটিংয়ে এসে টেক্টরের হ্যাটট্রিক ঠেকিয়েছেন।
রংপুর রাইডার্সের একাদশে আছেন, বোলিংও করছেন তবে ব্যাটিং করছেন না—গত দুই ম্যাচে সাকিব এমনটাই করছিলেন। এবারের বিপিএলে এখন পর্যন্ত তিনি খেলেছেন ৫ ম্যাচ। যার মধ্যে ৩ ইনিংসে ব্যাটিং করে ৪ রান করেন।
