Logo
Logo
×

খেলা

ট্রিপল সেঞ্চুরি করলেন এই ব্যাটার, রেকর্ডের ছড়াছড়ি

ট্রিপল সেঞ্চুরি করলেন এই ব্যাটার, রেকর্ডের ছড়াছড়ি

Icon

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ১১:২৬ পিএম

ট্রিপল সেঞ্চুরি করলেন এই ব্যাটার, রেকর্ডের ছড়াছড়ি

ট্রিপল সেঞ্চুরি করলেন এই ব্যাটার, রেকর্ডের ছড়াছড়ি

বাইশ গজে ঝড়টা আজ লম্বা করতে পারেননি তন্ময় আগারওয়াল। রঞ্জি ট্রফির ম্যাচে ৫ ছক্কা ও এক বাউন্ডারিতে ৩৩ রানেই থামতে হয়েছে তাকে। কিন্তু বাঁ-হাতি এই ওপেনার গতকাল যা করেছেন, সেটিই যথেষ্ট।

শুক্রবার রঞ্জি ট্রফিতে হায়দরাবাদ ও অরুনাচল প্রদেশের খেলায় যা হয়েছে তা বাস্তবে নয়, ভিডিও গেমেই শুধু চিন্তা করা যায়। টস জিতে গতকাল অরুনাচল প্রদেশকে ব্যাটিংয়ে পাঠায় হায়দরাবাদ। ওপেনার তেচি দোরিয়ার ৯৭ রানের পরও ১৭২ রানে গুটিয়ে যায় দলটি। কিন্তু তখনো বোঝা যায়নি, কী হতে যাচ্ছে।

একদিকে আগারওয়াল ও অন্যদিকে অধিনায়ক রাহুল সিং নেমেছিলেন ইনিসের শুরুতে। ৪১তম ওভারের দ্বিতীয় জুটিটা ভাঙে। তার আগে যা হয়েছে তা প্রায় অকল্পনীয়। ১০৫ বলে ২৬ চার ও ৩ ছক্কায় ১৮৫ রান করে ফিরেছেন রাহুল। আর দলের রান ততক্ষণে ৪৪৯!

কারণ, অন্যপ্রান্তে রাহুলের ১৭৭ স্ট্রাইকরেটকেও টেস্ট মেজাজ মনে করাচ্ছিলেন আগারওয়াল। ২৮ বছর বয়সী এই ওপেনার ততক্ষণে আড়াই শ পেরিয়ে গেছেন। ১৩৫ বলে আড়াই শ পেরোনো আগারওয়াল পরের ১২ বলেই ৩০০-এর মাইলফলকে পৌঁছে যান।  

১৪৭ বলে ৩১ চার ও ২০ ছক্কায় ৩০০ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে এত দ্রুত ট্রিপল সেঞ্চুরি কেউ দেখেনি। এর আগে প্রথম শ্রেণিতে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার মারকো মারাইসের। 

২০১৭ সালে ইস্টার্ন প্রভিন্সের বিপক্ষে খেলতে নেমে বর্ডার টিমের এই ব্যাটসম্যান ১৯১ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। তাঁর আগে এই রেকর্ডটি ছিল এক অস্ট্রেলিয়ানের। ১৯২১ সালে এমসিসির বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করার পথে চার্লস ম্যাকার্টনি ২২১ বল খেলেছিলেন।

আর আগারওয়াল সে রেকর্ডটা কমিয়ে এনেছেন ১৪৭ বলে! কে বলবে, প্রথম ৫০ রান করতেই আগারওয়ালের ৪৯ বল লেগেছিল। এরপর একটু গতি বেড়েছিল, সেঞ্চুরিতে পৌঁছেছেন ৮০ বলে। এরপর তো শুধু ঝড়ই বইয়ে দিয়েছেন। পরের ৩৯ বলে আরও এক শ রান নিয়ে দ্রুততম ডাল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। আর তৃতীয় সেঞ্চুরি এসেছে মাত্র ২৮ বলে। 

ওদিকে ৩৫ বলে ৫০ পাওয়া রাহুল ৬২ বলে সেঞ্চুরি পেয়েছিলেন। দেড় শ রানেও (৮৬ বল) তিনি এগিয়ে ছিলেন আগারওয়ালের চেয়ে। এরপর গতি কমে যায় তাঁর। কিন্তু আগারওয়াল থামেননি। দিনের খেলা শেষ হওয়ার আগে ৪৮ ওভারে ৫২৯ রান পেয়েছে  হায়দরাবাদ। ১৬০ বলে ৩৩ চার ও ২১ ছক্কায় ৩২৩ রানে দিন শেষ করেছিলেন ওপেনার। 

প্রথম খেলোয়াড় হিসেবে রঞ্জিতে এক দিনেই ৩০০ রান তুলেছেন এই ওপেনার। যদিও, আরেকটু নিখুঁত করে বললে, অর্ধেকটা দিনই শুধু পেয়েছিলেন ব্যাট করার জন্য। আজ দ্বিতীয় দিনে খুব বেশিক্ষণ টিকতে পারেননি আগারওয়াল, তবু  ১৮১ বলে ৩৪ চার ও ২৬ ছক্কায় ৩৬৬ রানের ইনিংসকে স্বাভাবিক বলার উপায় নেই। ৫৯.৩ ওভারে ৪ উইকেটে ৬১৫ রান তোলার পর হায়দরাবাদও মনে করেছে যথেষ্ট রান তোলা হয়েছে। 

এই ইনিংসের পথে ঈশান কিষাণের (১৪ ছক্কা) এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার ভারতীয় রেকর্ডটি কালই ভেঙেছেন আগারওয়াল। আজ সেটা দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বরেকর্ডে রূপ দিয়েছেন। এতদিন প্রথম শ্রেণিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ছিল কলিন মানরোর (২৩ ছক্কা, ২০১৫)।  সে রেকর্ড ভাঙার কাছাকাছি গিয়েছিলেন শফিকুল্লাহ শিনওয়ারি (২২ ছক্কা)।

তবে বল ও ছক্কার সব রেকর্ড ভেঙে ফেললেও সময়ের ক্ষেত্রে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করা হয়নি আগারওয়ালের। সে রেকর্ড এখনো ডেনিস কম্পটনের। ১৯৪৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে এমসিসির হয়ে মাত্র ১৮১ মিনিটের মধ্যে ট্রিপল সেঞ্চুরির দেখা পান কম্পটন। আগারওয়াল দুই মিনিট দেরি করে ফেলেছেন। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন