Logo
Logo
×

সবিশেষ

ক্ষেত থেকে শুরু সিন্ডিকেট: রমজানে আরো অসহায় গ্রামের মানুষ   

Icon

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০২:০২ এএম

ক্ষেত থেকে শুরু সিন্ডিকেট: রমজানে আরো অসহায় গ্রামের মানুষ   

ঢাকার বাইরের মফস্বল এলাকায়ও নিত্যপণ্যের দামে খুব বেশি হেরফর নেই। গত কয়েকদিন ধরে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন গ্রাম ও বাজার ঘুরে এমন চিত্র পেয়েছেন বাংলা আউটলুকের ভ্রাম্যমাণ প্রতিনিধি। 


উত্তরাঞ্চল থেকে ফিরে তিনি জানান, নিত্যপণ্যের দাম সর্বত্র অস্থিতিশীল। শহর থেকে প্রত্যন্ত গ্রাম-কোথাও ন্যয্যমূল্যে পাওয়া যায় না কোনো পণ্য। বিশেষ করে রমজান ঘিরে অসহনীয় পণ্যমূল্যে সাধারণ মানুষ দিশেহারা। এ ক্ষেত্রে সরকারের কোনো নির্দেশনা কাজে আসছে না। বাজারে সরকার কেবল একটা কাগুজে বাঘ। তর্জন-গর্জন যেন তার একমাত্র অর্জন। 

এ প্রতিবেদক জানান, গেল কয়েকদিন ধরে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন গ্রাম ও গ্রামীণ বাজার ঘুরে দেখা গেছে, দামের ক্ষেত্রে রাজধানীর সঙ্গে খুব একটা পার্থক্য নেই। স্থানীয় উৎপাদিত সবজির ক্ষেত্রে দামে কিছুটা পার্থক্য থাকলেও অন্য সবকিছুই ঢাকার দামে। 

স্থানীয়রা বলছেন, ফড়িয়াদের কারণে গৃহস্তের কোনো পণ্যই এখন আর সরাসরি গ্রামের হাটে যায় না। ফলে দাম বেশি। তাদের কথার প্রমাণ পাওয়া গেলো ঠাকুরগাঁওয়ের প্রধান সবজি আড়তে গিয়ে। সেখানকার আড়তদার মো. সোহরাওয়ার্দী জানান, আলুর দামে কোনো হেরফের না হলেও বেগুনের দামে বড় ধরনের পতন হয়েছে। পাবনা থেকে আসা ২৭ কেজির এক বস্তা সাদা গোল বেগুনের মূল্য ১৮০ টাকা। তবে ওই আড়ত থেকে ১০ ফিট দূরত্বের একটি খুচরা দোকানে সেই বেগুনই বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০ টাকা। 

আড়তের সামনেই দামের এই ব্যবধানের বিষয়ে খুচরা বিক্রেতা জমির জানান, এটি বাজার রেট। আজকে পুরো শহরে এ দামেই চলছে বেগুন। এর নিচে বিক্রি করার সুযোগ নেই। তার কথায় বাজার সিন্ডিকেটের বিষয়টি জানা গেল। 

পীরগঞ্জ উপজেলার নেকমরদ বাজারে গিয়ে বাজার সিন্ডিকেটের বিষয়টি আরো স্পষ্ট হলো। মূলত ফড়িয়াদের কারণে খুচরা বাজারে কোনো পণ্য কমে পাওয়া যায় না। 

ফড়িয়াদের একজন নজির হোসেন। দীর্ঘদিন ধরে মুরগি বিক্রি করেন তিনি। জানালেন, পুরো বাজারে মাত্র দুজন গৃহস্ত মুরগি নিয়ে এসেছেন। বাকি সবাই বেপারি। গ্রামে গ্রামে ঘুরে যারা গৃহস্তের মুরগি কিনে তারা আমাদের কাছে বিক্রি করে। আমরা বিক্রি করি খুচরা ক্রেতাদের কাছে। এখন আর সেই দিন নেই যে আপনি চাইলেই গৃহস্তের কাছ থেকে কম দামে পণ্য কিনবেন। 
বিশাল এ বাজারে সাপ্তাহিক হাট বসে রবিবার। এদিন এমন কোনো পণ্য নেই যা এ বাজারে মিলবে না। আশাপাশে বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার লোক আসেন সপ্তাহের বাজার করতে। আসেন দূর-দূরান্ত থেকে বিভিন্ন পণ্যের পাইকাররাও। কৃষিভিত্তিক এ অঞ্চলে ব্যবসায়িক দিক থেকে নেকমরদ বাজারের সুনাম-সুখ্যাতি প্রাচীন কালের। বাজার অর্থনীতির যুগে যখন গ্রামের ঘাটে ঘাটে দোকান আর মোড়ে মোড়ে বাজার গড়ে উঠেছে-সেখানে নেকমরদ বাজার এখনো ব্যতিক্রম। এ বাজারে প্রচলিত ও বিলুপ্তির পথে থাকা অনেক পণ্য পাওয়া যায়। 

ভারতীয় সীমান্তের বেশ কাছাকাছি হলেও নেকমরদের কাঁচাবাজারে ভারতীয় পেঁয়াজের দেখা মিলল না। দেশি পোঁয়াজ-রসুনের বিশাল সম্ভার নিয়ে বিকিকিনিতে ব্যস্ত দোকানিরা। বিক্রেতারা জানালেন, এ বাজারে দেশি পেঁয়াজের দাম কম। তা ছাড়া ভারতীয় পেঁয়াজ থাকলেও চাহিদা নেই। ক্রেতারা দেশি পেঁয়াজই কেনেন। 

সাম্প্রতিক সময়ে এই প্রবণতা বেড়েছে বলে মনে করছেন, স্থানীয় কাপড় ব্যবসায়ী বাবুল হোসেন। তৃরযো ও দিশান বস্ত্রালয়ের মালিক এই ব্যবসায়ী বলেন, সাম্প্রতিক সময়ে ফেসবুকের মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের একটি ক্যাম্পেন তার চোখেও পড়েছে। বেচাবিক্রিতেও তার প্রভাব পড়েছে বলে মনে হয়। 

এ বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০০ টাকা। অন্যান্য পণ্যের দামেও সরকারের বেঁধে দেওয়া দামের কোনো সম্পর্ক নেই। বিক্রেতাদের অভ্যন্তরীণ আইনই এখানে চলে। তারপরও অন্যান্য বাজারের তুলনায় অন্তত রবিবার সাপ্তাহিক হাটবারে অনেক পণ্যই অপেক্ষাকৃত সস্তায় পাওয়া যায় বলে দাবি এই ব্যবসায়ীর। 

রমজানে দ্রব্যমূল্য ঊর্ধমুখী হওয়ায় গ্রামের সাধারণ মানুষ রয়েছেন বেশ বিপাকে। বাজারের বাহারি ইফতার তাদের সাধ্যের বাইরে। অন্যান্য বছর খেজুর কিনতে পারলেও এ বছর খুব কম লোকই ইফতারিতে খেজুর খেতে পারছেন। দুর্গাপুর গ্রামের ফারুক জানান, রবিবারের হাটে ২৫০ গ্রাম সাধারণ মানের খেজুর কিনেছেন। ছোটো সন্তানদের পুরো মাসই একটা-দুটো করে দিয়ে চালাতে হবে। নিজেদের ভাগ্যে হবে না। 

ফারুকের মতো কেউ কেউ অল্প-স্বল্প খেজুর কিনতে পারলেও অনেকের ভাগ্যে মিলছে না পছন্দের এ ফল। বাজারে প্রতিটি পণ্যের যে দাম, তাতে কোনো মতে দুই বেলা ভাত খেতে পারাটা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উত্তর জনপদের এমন লাখো মানুষের।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন