ইসলামী আন্দোলনের আমিরের বাসায় তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের রমনার বাসায় পৌঁছান তারেক রহমান। সেখানে তারেক রহমানকে স্বাগত জানান মুফতি রেজাউল করীম।
এ সময় তার সঙ্গে ছিলেন মহাসচিব (সেক্রেটারি জেনারেল) অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
এ সময় ইসলামী আন্দোলনের আমিরের বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা এবং সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনার লক্ষ্যেই এই সৌজন্য সাক্ষাৎ।
এর আগে, শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান।

